চুক্তি ছাড়াই শেষ হলো ইতিহাসের দীর্ঘতম জলবায়ু সম্মেলন কপ-৩১

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
 চুক্তি ছাড়াই শেষ হলো ইতিহাসের দীর্ঘতম জলবায়ু সম্মেলন কপ-৩১
তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে পূর্ণাঙ্গ অধিবেশন চলছে

বৈশ্বিক উষ্ণতা মোকাবিলায় কার্যকর কোনো পদক্ষেপ নেই- এমন অভিযোগ তুলে কপ-৩১ জলবায়ু সম্মেলনের চূড়ান্ত খসড়া চুক্তি প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আরও কয়েকটি দেশ। তুরস্ক ও অস্ট্রেলিয়ার পক্ষ থেকে উপস্থাপিত এ প্রস্তাব নাকচ হওয়ায় রবিবার কোনো ধরনের ঐকমত্য ছাড়াই শেষ হয়েছে জাতিসংঘের এবারের জলবায়ু আলোচনা।

দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা এ সম্মেলন নির্ধারিত সময়ের চেয়েও দুই দিন বাড়ানো হয়েছিল। ইতিহাসের দীর্ঘতম কপ সম্মেলন হিসেবে রেকর্ড গড়লেও শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি কোনো চুক্তি। বিশ্বজুড়ে চলমান যুদ্ধবিগ্রহ আর অর্থনৈতিক অস্থিরতার মাঝে তাপপ্রবাহ, বন্যা, দাবানল ও প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগ সামাল দিতে বিশ্বনেতারা যে কতটা হিমশিম খাচ্ছেন, এ ব্যর্থতা তারই প্রমাণ।

সমাপনী অধিবেশনে তুরস্কের সম্মেলন সভাপতি মুরাত কুরুম বলেন, আর কিছু করার নেই। আমাদের সাধ্যমতো সবটুকুই আমরা করেছি। নতুন করে আর কোনো খসড়া দেওয়া হবে না জানিয়ে প্রতিনিধিদের বক্তব্য চলাকালেই মঞ্চ ছেড়ে চলে যান তিনি। অন্যদিকে অস্ট্রেলিয়ার কপ-৩১ আলোচনার সভাপতি ক্রিস বোয়েন পুরো বিষয়টিকে ‘অত্যন্ত হতাশাজনক’ বলে মন্তব্য করেছেন। তার মতে, জীবাশ্ম জ্বালানি আর জলবায়ু অর্থায়ন নিয়ে দেশগুলোর মতবিরোধই শেষ পর্যন্ত চুক্তির পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।

সম্মেলনের এমন পরিণতিতে হতাশা লুকাননি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও। তিনি বলেন, জলবায়ু সংকটের এ মুহূর্তে সরকারগুলো যথাযথ ভূমিকা রাখবে বলে যারা আশা করেছিলেন, তাদের সেই গভীর হতাশার সঙ্গে আমিও একমত। ২০০৯ সালের কোপেনহেগেন সম্মেলনের পর এই প্রথম জাতিসংঘের কোনো জলবায়ু সম্মেলন সর্বসম্মত চুক্তি ছাড়াই শেষ হলো। অথচ অক্টোবরেই জাতিসংঘের পরিবেশ সংস্থা সতর্ক করেছিল যে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের বিপৎসীমা ছাড়িয়ে যাচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের এ প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পেছনে মূল কারণ ছিল খসড়া চুক্তিতে ‘জীবাশ্ম জ্বালানি’ শব্দটির অনুপস্থিতি। আয়ারল্যান্ডের পরিবেশমন্ত্রী ড্যারাঘ ও’ব্রায়েন ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন একটি জলবায়ু চুক্তি অকল্পনীয়, যেখানে জীবাশ্ম জ্বালানি কিংবা জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার কোনো কথাই উল্লেখ নেই। সংশ্লিষ্ট পর্যবেক্ষকদের ধারণা, সৌদি আরবসহ তেল উৎপাদনকারী প্রভাবশালী দেশগুলোর জোরালো লবিংয়ের কারণেই খসড়া থেকে বিষয়টি বাদ দেওয়া হয়েছিল।

খসড়া প্রস্তাবে তাপমাত্রা বাড়ার বিষয়টি মেনে নিয়ে তা কমাতে দ্রুত ‘কার্বন-অপসারণ প্রযুক্তি’ উদ্ভাবনের কথা বলা হয়েছিল, যা তেল উৎপাদনকারী দেশগুলোর বেশ পছন্দের। কিন্তু সমালোচকদের ভয় ছিল, এ প্রযুক্তির দোহাই দিয়ে তেল উত্তোলন চালিয়ে যাওয়ার সুযোগ নেওয়া হবে। যদিও সমাপনী অধিবেশনে সৌদি প্রতিনিধি দলের এক সদস্য উষ্ণতা রোধের এ বাস্তবসম্মত সমাধানের বিরোধিতা দেখে বিস্ময় প্রকাশ করেন।

পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ক্ষতি সামাল দিতে পর্যাপ্ত অর্থায়নের ব্যবস্থা না থাকায় উন্নয়নশীল দেশগুলোও এ খসড়ার কড়া সমালোচনা করেছে। প্রস্তাবে অর্থায়ন ৩ গুণ করার কথা বলা হলেও কোন হিসাবের ভিত্তিতে তা বাড়ানো হবে, তা পরিষ্কার করা হয়নি। এ ছাড়া ২০৩৫ সালের মধ্যে বিশ্বের মোট জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ২৩ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করার লক্ষ্য দিয়েছিল তুরস্ক, সেটা নিয়েও আপত্তি উঠেছে। সমালোচকদের মতে, জীবাশ্ম জ্বালানি ছাড়ার স্পষ্ট রূপরেখা না দিয়ে এমন লক্ষ্যমাত্রা ঠিক করলে দরিদ্র দেশগুলোর ওপর বাড়তি খরচের বোঝা চাপত।

তুরস্কের আন্তালিয়ায় নতুন কোনো রাজনৈতিক সমঝোতা না হলেও আগের সম্মেলনগুলোতে নেওয়া অঙ্গীকারগুলো বাতিল হয়ে যাচ্ছে না বলে মনে করছেন বিশ্লেষকরা। বেলজিয়ামের জলবায়ু মন্ত্রী জ্যঁ-লুক ক্রুকে এ ফলাফলকে কঠিন বলে মানলেও আশা প্রকাশ করে বলেছেন, এটি বহুপাক্ষিকতার শেষ নয়। দুর্বল চুক্তিকে ‘না’ বলার সাহস থাকতে হয়।

সূত্র: রয়টার্স

/এমএকে/