পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি

মালিকপক্ষের প্রস্তাব যে কারণে জানালেন না চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মালিকপক্ষের প্রস্তাব যে কারণে জানালেন না চেয়ারম্যান
সভা চলাকালে এক বিরতিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। ছবি: ভিডিও থেকে নেওয়া

পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের সভায় মালিক ও শ্রমিকপক্ষের আলোচনা চললেও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। মালিকপক্ষ কত টাকা মজুরির প্রস্তাব দিয়েছে তা-ও জানাননি তিনি।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় শ্রম ভবনে নিম্নতম মজুরি বোর্ডের সভা চলাকালে এক বিরতিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সৈয়দ আজাদ সুবহানী।

তিনি বলেন, আমরা আজকে বোর্ড সভায় সিদ্ধান্ত নিয়েছি মালিকপক্ষ যে প্রস্তাব দিয়েছেন– সেটি আমরা এখনই জানাচ্ছি না। এটি আজকে বোর্ড সভার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত। মজুরি বোর্ড যে সুপারিশ করবে এবং সরকার যেটি নির্ধারণ করবে– চূড়ান্তভাবে সেটি কিন্তু মালিকপক্ষকেই বাস্তবায়ন করতে হবে। তাই এটি নিয়ে কোনো বিভ্রান্তি হোক তা চাই না।

এর ফলে আরও বিভ্রান্তি ছড়াতে পারে– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, মজুরি বোর্ড আনুষ্ঠানিকভাবে যে বিবৃতি বা বক্তব্য দেয় সেটিই আপনারা গ্রহণ করবেন দয়া করে। এখন কেউ যদি ব্যক্তিগতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বা অন্য কোনোভাবে দেয় সেটি কিন্তু আসলে সরকারি বক্তব্য নয়।

শ্রমিক অসন্তোষ উসকে যাবে এই আশঙ্কায় কি মালিকপক্ষের প্রস্তাব প্রকাশ করছেন না– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না। এটি সম্পূর্ণ আইনগত এবং বাস্তবিক কারণে। আমাদের সভা কিন্তু চলছে। শুধু সাংবাদিকরা সকাল থেকে কষ্ট করে আছেন বলে এই সময়ে ব্রিফিংটা করছি। আসলে তো সভা শেষ না করে ব্রিফিং করতে পারছি না। আমরা কিছু সময়ের জন্য সভা মুলতবি করেছি, নামাজ বিরতিতে ব্রিফিংয়ের জন্য। আর কিছু নয়।

শ্রমিকদের উদ্দেশে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান বলেন, যা কিছুই করছি সব শ্রমিকদের স্বার্থে। পোশাক খাতে প্রায় ৪০ চল্লিশ লাখ শ্রমিক আছে। দেশের আর কোনো রপ্তানিযোগ্য খাতে এত বড় সংখ্যক জনবল নেই। শ্রমিকদের দাবিকে বিবেচনায় নিয়েই কাজ করছি। বাংলাদেশের বিদ্যমান বাস্তবতা বিবেচনায় নিয়ে শ্রম আইন অনুযায়ী বিষয়গুলো আলোচনা এবং বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নিতে হচ্ছে।

/এফসি/