শিরোনাম

জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি
ভূমিকম্পে জাপানের একটি শপিং সেন্টারে বিস্ফোরণের ঘটনা ঘটে

জাপানে ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় বিকেল ৪টা ২৭ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুর কুমামোতো অঞ্চলে এ ভূমিকম্প আঘাত হানে। এতে ওই অঞ্চলের হাজারো পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এদিকে, ভূমিকম্পের পর ১ মিটার (প্রায় ৩ দশমিক ৩ ফুট) উচ্চতার সুনামি ঢেউয়ের আশঙ্কায় সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ)।

পাশাপাশি কুমামোতো ছাড়াও নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা ও মিয়াজাকি প্রিফেকচারে জরুরি ভূমিকম্প সতর্কতা জারি করা হয়েছে। এসব এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে জেএমএ।

জাপানের বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান কিউশু ইলেকট্রিক পাওয়ার জানিয়েছে, ভূমিকম্পের পর তাদের সেনদাই ও গেনকাই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো ধরনের সমস্যার খবর পাওয়া যায়নি।

রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান জেআর কিউশু জানিয়েছে, ভূমিকম্পের পর তারা সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে। এর মধ্যে উচ্চগতির শিনকানসেন ট্রেন পরিষেবাও রয়েছে।

প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি জাপান। দেশটিতে গড়ে অন্তত প্রতি ৫ মিনিটে একটি করে ভূমিকম্প অনুভূত হয়। প্রশান্ত মহাসাগরকে আংশিকভাবে ঘিরে থাকা আগ্নেয়গিরি ও সমুদ্রগর্ভস্থ খাতসমৃদ্ধ ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থান করায় বিশ্বের ৬ বা তার বেশি মাত্রার প্রায় ২০ শতাংশ ভূমিকম্প জাপানেই ঘটে।

/এফআর/