শিরোনাম

চীনে বিদেশি কার্গো জাহাজে আগুন, নিহত ২০

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
চীনে বিদেশি কার্গো জাহাজে আগুন, নিহত ২০
আগুন লাগার পর জাহাজটি থেকে ধোঁয়া উঠতে দেখা যায়

পূর্ব চীনের কিংদাও বন্দরে একটি কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বন্দরের একটি শিপইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি এ তথ্য নিশ্চিত করেছে।

সিসিটিভির প্রতিবেদন অনুযায়ী, লাইবেরিয়ার পতাকাবাহী ‘ওশান মেলোডি’ নামের ১৯০ মিটার দীর্ঘ জাহাজটিতে রক্ষণাবেক্ষণের কাজ চলাকালে বেলা ১১টা ১৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা পুরো জাহাজে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জাহাজটি থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দুর্ঘটনার সময় জাহাজটিতে মোট ৪২ জন অবস্থান করছিলেন। তাদের মধ্যে ১৭ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তাদের অবস্থা এখন স্থিতিশীল। এখনো নিখোঁজ থাকা কয়েকজনের সন্ধানে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। শিপিং ট্র্যাকিং তথ্য জানাচ্ছে, জাহাজটি ৩১ আগস্ট কিংদাও বন্দরে এসে পৌঁছেছিল।

এ দুর্ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধারকাজে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী লি ছিয়াংও জাহাজে আটকে পড়াদের উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় বা দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার তাগিদ দেন তিনি।

সূত্র: বিবিসি

/এমএকে/