শিরোনাম

ইরানকে হরমুজ প্রণালি চালু রাখার আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইরানকে হরমুজ প্রণালি চালু রাখার আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর
ভারতের নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম ও ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের বৈঠক

মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতিতে হরমুজ প্রণালি সব সময় উন্মুক্ত ও নিরাপদ রাখার তাগিদ দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। পাশাপাশি সংঘাতের রাস্তা ছেড়ে আলোচনার মাধ্যমে যেকোনো বিরোধ মেটানোর ওপর জোর দিয়েছেন তিনি।

১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে এ মুহূর্তে নয়াদিল্লিতে আছেন আনোয়ার। সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে তার একটি দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগের কথা জানান তিনি।

প্রায় ত্রিশ মিনিটের বৈঠকে আন্তর্জাতিক আইন মেনে হরমুজ প্রণালিতে নির্বিঘ্নে জাহাজ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তিনি জানান, উত্তেজনা কমানো এবং আলোচনার মাধ্যমে বিরোধ মেটাতে সব পক্ষকেই আহ্বান জানিয়ে আসছে মালয়েশিয়া।

পুত্রাজায়া ও তেহরানের দীর্ঘদিনের সুসম্পর্কের কথা স্মরণ করে আগামী দিনেও দুই দেশের পারস্পরিক সহযোগিতা টিকিয়ে রাখার বিষয়ে কথা বলেন আনোয়ার। বিশেষ করে জ্বালানি, কৃষি, পাম অয়েল, খাদ্য নিরাপত্তা, হালাল পণ্য, প্রযুক্তি এবং উচ্চশিক্ষার মতো খাতগুলোতে বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।

সূত্র: মালয় মেইল

/এমএকে/