শিরোনাম

এবার আফগানিস্তানে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
এবার আফগানিস্তানে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
প্রতীকী ছবি

আফগানিস্তানের হিন্দু কুশ অঞ্চলে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৭ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, এই ভূমিকম্পের কারণে আফগানিস্তানের পাশাপাশি উত্তর ভারতের বিভিন্ন এলাকাও কেঁপে ওঠে।

এনসিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ২১৫ কিলোমিটার গভীরে। আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকা কালাফগান থেকে প্রায় ৮১ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।

এদিকে, আফগানিস্তানে এই ভূমিকম্পের ফলে দেশটিসহ উত্তর ভারতের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

জানা গেছে, আফগানিস্তান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। বিশেষ করে হিন্দু কুশ অঞ্চল ভূমিকম্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

রেড ক্রসের তথ্য অনুযায়ী, ইন্ডিয়ান ও ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে আফগানিস্তানে প্রায়ই বড় ধরনের ভূমিকম্প আঘাত হানে। এছাড়া হেরাতসহ দেশটির বিভিন্ন অংশের ওপর দিয়ে প্রধান ফল্ট লাইনগুলো চলে যাওয়ায় সেখানে মাঝারি ও শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকি সবসময়ই বেশি থাকে।

এর আগে, গত বুধবার ভেনেজুয়েলায় সন্ধ্যায় শক্তিশালী জোড়া ভূমিকম্প আঘাত হানে। ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ বিভিন্ন অঞ্চলে ধসে পড়ে বহু ভবন। এতে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

/এফআর/