৬ বছর বয়সে চীনা শিশুর বিশ্বরেকর্ড

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
৬ বছর বয়সে চীনা শিশুর বিশ্বরেকর্ড
লিয়ান ইউংঝি

বয়স মাত্র ছয়, কিন্তু এরই মধ্যে বিশ্বমঞ্চে রীতিমতো ঝড় তুলেছে চীনের চেংদু শহরের এক খুদে প্রতিভা। লিয়ান ইউংঝি রুবিকস কিউব মেলানোর প্রতিযোগিতায় নারীদের বিভাগে নতুন বিশ্বরেকর্ড নিজের নামে করে নিয়েছে। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, মাত্র তিন দিনের ব্যবধানে গুয়াংজু ও উহান শহরের দুটি আলাদা প্রতিযোগিতায় সে নিজের রেকর্ড নিজেই ভেঙে নতুন এ মাইলফলক ছুঁয়েছে।

চিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ৩×৩ আকারের রুবিকস কিউব গড়ে মাত্র ৪.২৭ সেকেন্ড সময়ে মিলিয়ে এ কীর্তি গড়েছে সে। এর মাধ্যমে প্রথম নারী হিসেবে সাড়ে চার সেকেন্ডের কম সময়ে কিউব মেলানোর অনন্য এক ইতিহাস গড়ল শিশুটি। এত কম বয়সে তার এই হাত সাফাই দেখে বড় বড় স্পিড কিউবাররাও রীতিমতো অবাক। জানা গেছে, ঝিঝি ডাকনামের শিশুটি ইতোমধ্যেই ১ হাজার ৩০০-র বেশি রুবিকস কিউব সলভিং অ্যালগরিদম নিজের আয়ত্তে নিয়ে এসেছে।

খুদে এ প্রতিযোগীর এমন সাফল্যের পেছনে রয়েছে তার পরিবারের সমর্থন ও নিয়মিত চর্চা। মেয়ের এই জয়যাত্রার বিষয়ে লিয়ানের মা লিন ইয়াংসি জানান, তার মেয়ে প্রতিদিন নিয়ম করে দুই থেকে তিন ঘণ্টা রুবিকস কিউব নিয়ে চর্চা করে।

নাচ ও সঙ্গীতের পাশাপাশি শখের বশে কিউব ক্লাসে ভর্তি হলেও পরবর্তীতে মেয়ের মেধা ও আগ্রহ দেখে তারা এ স্পিড কিউবিংয়েই বেশি মনোযোগ দেন। মেয়ের মানসিক বিকাশের বিষয়ে মায়ের সরল উপলব্ধি, নিয়মিত রুবিকস কিউব চর্চা শিশুদের মনোযোগ, স্মৃতিশক্তি এবং যৌক্তিক চিন্তাভাবনা বাড়াতে দারুণভাবে সাহায্য করে।

/এমএকে/