চীনে পৌঁছেছেন ট্রাম্প, লাল গালিচা অভ্যর্থনা জিনপিংয়ের

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
চীনে পৌঁছেছেন ট্রাম্প, লাল গালিচা অভ্যর্থনা জিনপিংয়ের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনে যোগ দিতে বুধবার (১৮ নভেম্বর) চীনের শেনজেন বিমানবন্দরে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিমানবন্দরে অবতরণের পর তাকে ব্যক্তিগতভাবে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে যোগ করবেন তিনি

এয়ার ফোর্স ওয়ান থেকে নামার পর লাল গালিচায় শি-এর পাশে দাঁড়িয়ে স্যালুট করেন ট্রাম্প। এ সময় তাদের চারপাশে থাকা জনতা চীন ও যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা উড়িয়ে উষ্ণ অভ্যর্থনা জানায়। এরপর দুই নেতা করমর্দন করেন এবং সংক্ষিপ্ত আলিঙ্গন ও কুশল বিনিময় করেন। চীনা প্রেসিডেন্টের কোনো সফররত বিদেশি নেতাকে এভাবে রানওয়েতে এসে ব্যক্তিগতভাবে স্বাগত জানানোর ঘটনা এটিই প্রথম। সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে তাদের শেষ সাক্ষাতের সময় ট্রাম্প যে সৌজন্যতা দেখিয়েছিলেন, এটি মূলত তারই প্রতিদান হিসেবে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মূল বৈঠকের ফাঁকে ট্রাম্প, শি ও পুতিনের একান্তে আলোচনায় বসার কথা রয়েছে। এ বৈঠকে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধ এবং ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতের পাশাপাশি বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও পারমাণবিক অস্ত্রের মতো অত্যন্ত সংবেদনশীল বিষয়গুলো উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্ব রাজনীতির এ তিন শীর্ষ নেতার বৈঠককে ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত ঐতিহাসিক ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা করছেন বিশ্লেষকরা।

বুধবার চীনা ও রুশ সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন ইতোমধ্যেই দ্বিপাক্ষিক আলোচনায় বসেছেন। চলতি বছরে এ দুই নেতার এটি পঞ্চম বৈঠক, যার মধ্যে একটি হয়েছিল ভার্চুয়ালি। ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকেই পশ্চিমা বিশ্ব পুতিনকে একঘরে করে রেখেছে।

বুধবার এপেক সম্মেলনে দেওয়া ভাষণে পুতিন জানান, শি ও ট্রাম্পের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হবে বলে তিনি আশাবাদী। পুতিন বলেন, এমন এক সময়ে যখন সামরিক-রাজনৈতিক ঝুঁকি বাড়ছে, তখন বিভাজনের চেয়ে ঐক্য এবং চরমপত্রের চেয়ে সংলাপই সবচেয়ে বেশি প্রয়োজন।

অন্যদিকে, সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মুক্ত বাণিজ্যের ক্ষেত্রে বৃহত্তর আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

সূত্র: সিএনএ

/এমএকে/