শিরোনাম

ইন্দোনেশিয়ায় বিনামূল্যের খাবার খেয়ে ৫ শতাধিক স্কুল শিক্ষার্থী অসুস্থ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইন্দোনেশিয়ায় বিনামূল্যের খাবার খেয়ে ৫ শতাধিক স্কুল শিক্ষার্থী অসুস্থ
চিকিৎসাধীন স্কুল শিক্ষার্থীরা। ছবি: রয়টার্স

ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় রাষ্ট্রীয়ভাবে সরবরাহ করা খাবার খেয়ে পাঁচ শতাধিক শিক্ষার্থী খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। দেশটির সরকারের উচ্চাভিলাষী পুষ্টি প্রকল্পের খাবার খাওয়ার পরপরই শিশুরা একের পর এক অসুস্থ হয়ে পড়তে শুরু করে। এ ঘটনার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে মাঠে নেমেছে ইন্দোনেশিয়ার জাতীয় পুষ্টি সংস্থা। কীভাবে এবং কোন ত্রুটির কারণে এ বিষক্রিয়ার সৃষ্টি হলো, তা খতিয়ে দেখছেন গবেষক ও কর্মকর্তারা।

তদন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, রান্নাবান্নার পর সঠিক উপায়ে খাবার সংরক্ষণ না করা এবং রান্না করা খাবার শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে অতিরিক্ত সময় লাগাই সচরাচর এ ধরনের বিষক্রিয়ার প্রধান কারণ হয়ে দাঁড়ায়। ধারণা করা হচ্ছে, পর্যাপ্ত সুরক্ষার অভাব ও দীর্ঘ সময় ফেলে রাখার ফলেই খাবারগুলো নষ্ট হয়ে গিয়েছিল।

এদিকে, বড় ধরনের এ কেলেঙ্কারির পর পুরো কর্মসূচির পেছনে থাকা তদারকি সংস্থাকে ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার। গত বছর দেশ থেকে অপুষ্টি দূর করার অঙ্গীকার নিয়ে বিপুলসংখ্যক শিশুকে বিনামূল্যে খাবার দেওয়ার কর্মসূচি চালু করেছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। তবে চালুর পর থেকেই প্রকল্পটি চরম অনিয়ম, দুর্নীতি, ব্যবস্থাপনাগত বিশৃঙ্খলা ও অতিরিক্ত ব্যয়ের অভিযোগে বিদ্ধ হচ্ছিল। সর্বশেষ পূর্ব জাভার এই গণ বিষক্রিয়ার ঘটনা প্রেসিডেন্ট সুবিয়ান্তোর এই ফ্ল্যাগশিপ প্রকল্পের সার্বিক স্থায়িত্ব ও নিরাপত্তা ব্যবস্থাকে বড় ধরনের ধাক্কা দিল।

সূত্র: রয়টার্স

/এমএকে/