রাজধানীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কমিটি গঠন

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
রাজধানীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কমিটি গঠন
প্রধানমন্ত্রীর কার্যালয়

রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সফল করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২০টি অঞ্চলে শক্তিশালী উপকমিটি গঠন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন করে দলনেতা উপকমিটিতে কাজ করবেন। গতকাল সোমবার (১৯ অক্টোববর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ ফাহিম আফসান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কমিটিগুলোকে খুব শিগগির কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

অঞ্চলভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কমিটি

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিটি অঞ্চলে ১২ সদস্যবিশিষ্ট একটি করে অঞ্চলভিত্তিক কমিটি কাজ করবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন পরিচালক প্রতিটি অঞ্চলে ‘টিম লিডার’ হিসেবে দায়িত্ব পালন করবেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-১ ও অঞ্চল-২-এ প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ফাহমিদ ফারহান টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করবেন। অঞ্চল-৩-এ পরিচালক এএইচএম নূরুল আনোয়ার, অঞ্চল-৪ ও ৫-এ মো. আবদুল ওয়াদুদ, অঞ্চল-৬-এ দেওয়ান মওদুদ আহমেদ, অঞ্চল-৭, ৮ ও ৯-এ কে এম আলমগীর কবীর এবং অঞ্চল-১০-এ সায়মা আক্তারকে টিম লিডার করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১-এ হাবিবুল হাসান, অঞ্চল-২ ও ৫-এ কে জি এম লতিফুল বারী, অঞ্চল-৩-এ জান্নাতুল ফেরদৌস, অঞ্চল-৪-এ মোহাম্মদ ফাহিম আফসান চৌধুরী, অঞ্চল-৬ ও ৭-এ আনোয়ার-উল-হালিম, অঞ্চল-৮-এ মো. আশরাফুল ইসলাম এবং অঞ্চল-৯ ও ১০-এ ড. মো. ফয়সাল আবেদীন খানকে টিম লিডার করা হয়েছে।

প্রতিটি আঞ্চলিক কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিটি করপোরেশন/জেলা প্রশাসন/রাজউক), গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বা উপবিভাগীয় প্রকৌশলী, রাজউকের পরিচালক বা সহকারী পরিচালক পর্যায়ের প্রতিনিধি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক বা সহকারী পরিচালক পদমর্যাদার প্রতিনিধি, ঢাকা মহানগর পুলিশের প্রতিনিধি (ইনস্পেক্টর পদমর্যাদার), সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বা সহকারী বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি এবং ঢাকা ওয়াসার প্রতিনিধি।

নিজ নিজ এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি আবাসিক ভবন, হাসপাতাল, ক্লিনিক, বিপণিবিতান, রাস্তা, ফুটপাত, খাল-বিল ও জলাশয়, পয়োনিষ্কাশন ব্যবস্থাসহ সার্বিক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন, তদারকি ও বাস্তবায়ন করতে হবে। স্থানীয় লোকজনের সঙ্গে মতবিনিময় এবং সচেতনতা ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি গ্রহণ করতে হবে। কেন্দ্রীয় উপদেষ্টা কমিটিকে কার্যক্রমের অগ্রগতি সাপ্তাহিক ভিত্তিতে অবহিত করতে হবে। প্রয়োজনে এক বা একাধিক সদস্য কো-অপ্ট করার সুযোগ রয়েছে।

সমগ্র ঢাকা মহানগরের সার্বিক কার্যক্রম তদারকি ও প্রয়োজনীয় দিকনির্দেশনার জন্য ১৫ সদস্যের একটি কেন্দ্রীয় উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। সদস্যসচিব করা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালককে (প্রশাসন)। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সব মহাপরিচালক, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি (অতিরিক্ত সচিব), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকরা, রাজউকের সদস্য, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও প্রধান প্রকৌশলী এবং ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক।

অঞ্চলভিত্তিক কমিটিগুলোর কাজ পরিবীক্ষণ এবং প্রয়োজনীয় নীতিগত দিকনির্দেশনা দেবে কেন্দ্রীয় উপদেষ্টা কমিটি। ঢাকা মহানগরের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু পরিস্থিতির অগ্রগতি সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রীকে সময়ে সময়ে অবহিত রাখা হবে। প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞদের কমিটিতে অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করা যাবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালকেরা তাদের আওতাধীন অঞ্চলগুলোর দায়িত্বপ্রাপ্ত পরিচালকদের কাজ সরাসরি তদারকি করবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি দ্রুততম সময়ে গেজেটে প্রকাশের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

/এমআর/