শিরোনাম

আজ গুলি চলবে, অনুষ্ঠানের আগেই বলেছিলেন ট্রাম্পের প্রেস সচিব

সিটিজেন ডেস্ক
আজ গুলি চলবে, অনুষ্ঠানের আগেই বলেছিলেন ট্রাম্পের প্রেস সচিব
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের একটি অভিজাত হোটেলে হোয়াইট হাউস সংবাদকর্মীদের বার্ষিক ডিনার অনুষ্ঠানে গুলির ঘটনায় স্তম্ভিত হয়ে পড়েছে পুরো শহর। এ পরিস্থিতির চেয়েও এখন বেশি আলোচনায় উঠে এসেছে অনুষ্ঠানের ঠিক কয়েক ঘণ্টা আগে দেওয়া হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিটের একটি বিতর্কিত মন্তব্য।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ওয়াশিংটনের যে হোটেলে হামলার ঘটনা ঘটে, তার লবিতেই কয়েক ঘণ্টা আগে লেভিট বর্ণনা করছিলেন সন্ধ্যার পরিকল্পনা।

আসন্ন বক্তৃতা নিয়ে ভবিষ্যদ্বাণী করতে গিয়ে তিনি বলেছিলেন, দেয়ার উইল বি শটস ফায়ার্ড টুনাইট বা আজ রাতে কিছু গুলি ছোড়া হবে। ডোনাল্ড ট্রাম্প তার বক্তৃতায় প্রতিপক্ষের দিকে কড়া বিদ্রূপের বাণ ছুড়বেন এমন ইঙ্গিত দিতেই তিনি রূপক অর্থে কথাটি ব্যবহার করেছিলেন। লেভিট আরও যোগ করেন, ডোনাল্ড ট্রাম্প লড়াইয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং আজকের এ বিনোদনমূলক অনুষ্ঠানটি হবে ক্ল্যাসিক ট্রাম্প স্টাইলে, যা সবার দেখা উচিত।

কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই রূপক গুলি কিছুক্ষণ পরেই বাস্তবে রূপ নেয়। অনুষ্ঠানের মাঝপথে হঠাৎ করেই ব্যাংকুয়েট হলে সত্যিকারের গুলির শব্দ শোনা গেলে মুহূর্তেই আনন্দঘন পরিবেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে, প্রাণভয়ে ২ হাজারেরও বেশি অতিথি চিৎকার করে একে অপরকে মেঝেতে শুয়ে পড়ার নির্দেশ দিতে থাকেন। অনেকে টেবিলের নিচে আশ্রয় নেন এবং দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে ওয়েটাররা হলের সামনের দিকে দৌড়াতে শুরু করেন। উদ্ভূত পরিস্থিতিতে সিক্রেট সার্ভিস দ্রুততার সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং উপস্থিত শীর্ষ মন্ত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এর কিছু সময় পর ট্রাম্প নিজেই এক বন্দুকধারীকে আটকের খবর নিশ্চিত করেন।

তবে এ ভয়াবহ অভিজ্ঞতার চেয়েও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আগুনের মতো ছড়িয়ে পড়েছে লেভিটের সাক্ষাৎকারের ভিডিওটি। এক্সে ভিডিওটি এরই মধ্যে ৪০ লাখের বেশি মানুষ দেখে ফেলেছেন। নেটিজেনদের মধ্যে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এক ব্যবহারকারী লেভিটের কথাকে অদ্ভুতভাবে সত্য বলে অভিহিত করেছেন, আবার কেউ কেউ একে কেবলই একটি কাকতালীয় ঘটনা হিসেবে দেখছেন। ট্রাম্প বিরোধীদের অনেকে নিরাপত্তা নিয়ে স্বস্তি প্রকাশ করলেও অনেক ব্যবহারকারী আবার এ ঘটনার পেছনে ষড়যন্ত্রের গন্ধ খুঁজছেন।

সূত্র: এনডিটিভি

/এমএকে/