যাদের অনুরোধে ইরানে হামলা স্থগিত রেখেছেন ট্রাম্প

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
যাদের অনুরোধে ইরানে হামলা স্থগিত রেখেছেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর ইরান নিয়ে অনেকটাই সুর নরম করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘ইরান যুদ্ধ কার্যত শেষ হয়েছে’। এবার সৌদি আরবসহ উপসাগরীয় মিত্র দেশগুলোর অনুরোধে ইরানে হামলা আপাতত স্থগিত রেখেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে তিনি চাইলে মাত্র ৩ দিনের মধ্যেই ইরানের জ্বালানি অবকাঠামো, সেতু ও উৎপাদন কারখানাগুলো ধ্বংস করে দিতে পারেন বলে দাবি করেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) হোয়াইট হাউসে মার্কিন সাংবাদিক স্টিফেন এ. স্মিথকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি চাইলে এখনই যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারেন। তবে আঞ্চলিক মিত্রদের অনুরোধেই বর্তমান অর্থনৈতিক ও সামরিক চাপ বজায় রেখেছেন।

ট্রাম্প বলেন, সৌদি আরব আমাকে অনুরোধ করেছে, আপাতত পরিস্থিতি যেমন আছে কিছুদিন তেমনই থাকতে দিতে। কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনও এই কৌশলই পছন্দ করছে।

মিত্র দেশগুলোর অনুরোধ না থাকলে ইরানে আরও হামলা চালাতেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি বলেন, ‘হ্যাঁ, আমি চালাতাম।’

যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইরানের জ্বালানি অবকাঠামো ও সেতুগুলোর ওপর বড় কোনো আঘাত হানেনি বলে দাবি করেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘এক দিনের মধ্যেই তাদের জ্বালানি খাত শেষ হয়ে যাবে। এক দিনের মধ্যেই তাদের সেতুগুলো ধ্বংস হয়ে যাবে এবং এক দিনের মধ্যেই তাদের উৎপাদন সক্ষমতা শেষ হয়ে যাবে। এসব করতে আমার মাত্র তিন দিন সময় লাগবে।’

সাক্ষাৎকারে ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয় ঘটেছে বলেও স্বীকার করেন ট্রাম্প। তবে এত কিছুর পরও ইরানে হামলা চালানোর সিদ্ধান্তের পক্ষে নিজের অবস্থান জোরালোভাবে তুলে ধরেন তিনি।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/