আগামী সপ্তাহে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-শি

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
আগামী সপ্তাহে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-শি
ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং

আগামী সপ্তাহে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে অনুষ্ঠিতব্য এপেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। হোয়াইট হাউস সূত্রে কথা জানা গেছে।

হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের জানিয়েছেন, বিশ্বের তিন শীর্ষ পারমাণবিক শক্তিধর দেশের নেতাদের এ আলোচনায় মূলত পারমাণবিক অস্ত্র হ্রাসের বিষয়টি গুরুত্ব পাবে। তিনি বলেন, রাষ্ট্রপতিস্পষ্ট করেছেন যে অন্যান্য বিষয়ের পাশাপাশি তিনি বিশ্বে পারমাণবিক অস্ত্র হ্রাস নিয়ে আলোচনা করবেন।

জানা গেছে, বৈঠকে ইরান প্রসঙ্গ উঠলেও ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো আলোচনা না হওয়ার সম্ভাবনাই বেশি। তবে এ ত্রিপক্ষীয় বৈঠকের বিষয়ে মস্কো ও বেইজিংয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি। এক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এ আলোচনা থেকে তাৎক্ষণিক কোনো চুক্তি সই হওয়ারও সম্ভাবনা নেই।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনে আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পর ট্রাম্প বুধবার (১৮ নভেম্বর) রাতে শেনজেনে পৌঁছাবেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তিনি শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এটি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর তাদের চতুর্থ সাক্ষাৎ। অলিভিয়া ওয়েলস জানান, মার্কিন প্রেসিডন্ট, চীনা প্রেসিডন্ট এবং রুশ প্রেসিডন্টের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে ট্রাম্প তার চীন সফর শেষ করবেন।

ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বর্তমানে কোনো কার্যকর সুরক্ষাব্যবস্থা নেই। জাতিসংঘ নতুন চুক্তির আহ্বান জানালেও ট্রাম্প এমন একটি চুক্তি করতে চান, যেখানে ক্রমবর্ধমান পারমাণবিক শক্তিধর চীনও অন্তর্ভুক্ত থাকবে। তবে বিশ্লেষকরা জানিয়েছেন, বেইজিং ও মস্কোকে এক টেবিলে এনে চুক্তিতে রাজি করানো বেশ সময়সাপেক্ষ ও কঠিন হবে।

এদিকে, চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার (১৩ নভেম্বর) শি জিনপিংয়ের দ্বিপাক্ষিক বৈঠকের কথা জানালেও ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে কিছু বলেনি। তবে চলতি মাসের শুরুতে রুশ সংবাদ সংস্থা তাস-কে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছিলেন, শীর্ষ সম্মেলনে এ ধরনের আলোচনার জন্য প্রস্তুতি চলছে।

সূত্র: বিবিসি

/এমএকে/