সাময়িকভাবে হেগসেথের অভিশংসন আটকালো মার্কিন প্রতিনিধি পরিষদ

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
সাময়িকভাবে হেগসেথের অভিশংসন আটকালো মার্কিন প্রতিনিধি পরিষদ
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

কংগ্রেসের কোনো ধরনের অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করার অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তা আপাতত আটকে দিয়েছে দেশটির প্রতিনিধি পরিষদ। মঙ্গলবার (১০ নভেম্বর) এ সংক্রান্ত একটি ভোটাভুটি অনুষ্ঠিত হয়।

ভোটে অভিশংসন প্রস্তাবটি প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটিতে পাঠিয়ে দেওয়ার পক্ষে সংখ্যাগরিষ্ঠ সদস্য রায় দেন। এর ফলে কেনটাকির রিপাবলিকান সদস্য থমাস ম্যাসি যে প্রস্তাব এনেছিলেন, তা কার্যত স্থগিত হয়ে গেল। প্রস্তাবটি কমিটিতে পাঠানোর পক্ষে ২১১ এবং বিপক্ষে ২০৪ ভোট পড়ে। ম্যাসি ছাড়া দলের অন্য সব রিপাবলিকান সদস্যই প্রস্তাবটি কমিটিতে পাঠানোর পক্ষে অবস্থান নেন। যেহেতু কমিটিটি এখন রিপাবলিকানদের নিয়ন্ত্রণে রয়েছে, তাই বর্তমান কংগ্রেস অধিবেশনে এ অভিশংসন প্রক্রিয়া সামনে এগিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আর নেই বললেই চলে।

এদিকে পেন্টাগনে দায়িত্ব নেওয়ার ছয় মাস পর নিজের প্রথম সংবাদ সম্মেলনে এ পুরো উদ্যোগকে ‘প্রহসন’ ও ‘নাশকতা’ বলে অভিহিত করেছেন পিট হেগসেথ। তার দাবি, এ ধরনের প্রস্তাব যুক্তরাষ্ট্রের শত্রুদের কাছে ভুল বার্তা পৌঁছে দেবে এবং বৈধ সামরিক অভিযান পরিচালনার জন্য মার্কিন সেনা ও বেসামরিক নেতৃত্বকে শাস্তির মুখে ঠেলে দেবে।

এর আগে সোমবার (৯ নভেম্বর) প্রতিনিধি পরিষদে আনুষ্ঠানিকভাবে অভিশংসনের ৮টি অভিযোগ দাখিল করেন ম্যাসি। তার অভিযোগ ছিল, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ৯০ দিনের বেশি সময় ধরে ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে আইন ভেঙেছেন হেগসেথ। এছাড়া প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে মাদক পরিবহনের অভিযোগে সন্দেহভাজন নৌযানে মার্কিন অভিযানের সময় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তদারকির অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে।

তবে আগামী জানুয়ারিতে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে গেলে পরিস্থিতি বদলে যেতে পারে বলে মনে করছেন অনেকে। প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস এ নিয়ে বলেছেন, এটি শেষ নয়, কেবল শুরু। অন্যদিকে রিপাবলিকান সিনেটর টেড ক্রুজের ধারণা, শেষ পর্যন্ত হেগসেথ নিজেই পদত্যাগ করতে পারেন অথবা প্রেসিডেন্ট ট্রাম্প তাকে বরখাস্ত করতে পারেন।

সূত্র: বিবিসি

/এমএকে/