শিরোনাম

এআইয়ের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার আহ্বান মার্কিন সিনেটরের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
এআইয়ের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার আহ্বান মার্কিন সিনেটরের

মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যাওয়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থার ওপর স্থায়ী নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। একই সঙ্গে উন্নত এআই প্রযুক্তির বিকাশ সাময়িকভাবে স্থগিত রাখার দাবিও জানিয়েছেন তিনি।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভি।

বার্নি স্যান্ডার্স বলেন, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো দ্রুত আরোও শক্তিশালী এআই তৈরি করছে। কিন্তু এসব প্রযুক্তি ভবিষ্যতে কী ধরনের ঝুঁকি তৈরি করতে পারে, তা এখনো পুরোপুরি জানা নেই। তাই যথাযথ নিরাপত্তা কাঠামো তৈরি না হওয়া পর্যন্ত উন্নত এআইয়ের উন্নয়ন সাময়িকভাবে বন্ধ রাখা প্রয়োজন।

তিনি বলেন, বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নেতারাই যদি স্বীকার করেন যে শক্তিশালী এআই-ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে উঠছে, তাহলে আরোও শক্তিশালী প্রযুক্তি তৈরির আগে নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

এই মার্কিন সিনেটর বলেন, কোনো ব্যক্তি নিষিদ্ধ ধরনের সুপারইন্টেলিজেন্ট এআই তৈরিতে জড়িত থাকলে সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া এআই নিরাপত্তা তদারকির জন্য একটি নতুন কেন্দ্রীয় সরকারি সংস্থা গঠনের প্রস্তাবও রয়েছে। সংস্থাটি এআই নিরাপত্তা নীতি তৈরি ও তা বাস্তবায়নের দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, এআইয়ের ভবিষ্যৎ শুধু বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়। মানবতার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তে সাধারণ মানুষেরও মতামত থাকা প্রয়োজন।

/এসবি/