শিরোনাম

‘ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছিলো না’

সিটিজেন ডেস্ক
‘ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছিলো না’
ক্লজ: সিটিজেন গ্রাফিক্স

ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে না মার্কিন গোয়েন্দা সংস্থার মূল্যায়নকে উপেক্ষা করে ইসরায়েলি প্ররোচনায় যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এমনটাই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের (এনসিসি) সাবেক পরিচালক জো কেন্ট।

বৃহস্পতিবার (৭ মে) এক্সে দেওয়া পোস্টে তিনি অভিযোগ করেন, ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে না এমন সুনির্দিষ্ট তথ্য থাকা সত্ত্বেও ইসরায়েলের স্বার্থ রক্ষায় ট্রাম্প প্রশাসন এ অপ্রয়োজনীয় যুদ্ধে পা বাড়িয়েছে। সাবেক শীর্ষ কর্মকর্তার মতে, গোয়েন্দা তথ্যের চেয়ে একটি বিদেশি সরকারের সাজানো বয়ান ও এজেন্ডাকে বেশি গুরুত্ব দেওয়ার কারণেই যুক্তরাষ্ট্রকে এ ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।

কেন্ট জানান, সিআইএসহ মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো যুদ্ধের আগেই এ বিষয়ে একমত ছিল। এছাড়া গোয়েন্দা মূল্যায়নে স্পষ্ট বলা হয়েছিল, আক্রান্ত হলে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাবে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেবে। গোয়েন্দা সংস্থাগুলোর পেশাদারিত্ব এবং নির্ভুল তথ্য থাকা সত্ত্বেও ইসরায়েলি লবির চাপ ও প্রভাবের কাছে মার্কিন নীতি পরাজিত হয়েছে বলে তিনি মনে করেন। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি কোনো উসকানি ছাড়াই ইরান আক্রমণ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যার নেপথ্যে অজুহাত হিসেবে তেহরানের পরমাণু অস্ত্র তৈরির দাবিকে সামনে আনা হয়।

এ অন্যায্য ও অযৌক্তিক যুদ্ধের প্রতিবাদে গত মার্চ মাসে নিজ পদ থেকে ইস্তফা দেন জো কেন্ট। তার পদত্যাগপত্রে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ঘোষণার কঠোর সমালোচনা করেন। কেন্ট উল্লেখ করেন, ইরান আমেরিকার জন্য কোনো তাৎক্ষণিক হুমকি ছিল না, বরং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে থাকা তাদের শক্তিশালী লবি ট্রাম্পকে এ যুদ্ধে জড়াতে বাধ্য করেছে। তিনি আরও সতর্ক করেন, ইরানি নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার এ সিদ্ধান্ত দেশটিতে কট্টরপন্থীদের আরও শক্তিশালী করবে। ভবিষ্যতে যেন যুক্তরাষ্ট্রকে আর কোনো বিদেশি শক্তির এজেন্ডা বাস্তবায়নে এমন যুদ্ধে জড়াতে না হয়, সেজন্য এই ঘটনার পেছনের কারণগুলো বিস্তারিত খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

/এমএকে/