শিরোনাম

ভেনেজুয়েলা থেকে সাড়ে ১৩ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র

সিটিজেন ডেস্ক
ভেনেজুয়েলা থেকে সাড়ে ১৩ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে চরম উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে সক্ষম হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্পের নেতৃত্বে শুক্রবার (১ মে) ভেনেজুয়েলার একটি পুরোনো গবেষণা চুল্লি থেকে সাড়ে ১৩ কেজি ইউরেনিয়াম অপসারণ করা হয়েছে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভেনেজুয়েলার এক যৌথ অভিযানে রাজধানী কারাকাস থেকে ১৫ কিলোমিটার দূরের একটি স্থাপনা থেকে এ বিপজ্জনক জ্বালানি সরিয়ে নেওয়া হয়। মার্কিন ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের প্রশাসক ব্রান্ডন উইলিয়ামস বিষয়টিকে দেশটির পুনর্গঠন ও বিশ্ব নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের এক বড় বার্তা হিসেবে অভিহিত করেছেন। ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি (আইএইএ) জানিয়েছে, অত্যন্ত জটিল ও সংবেদনশীল এ অভিযানে ইউরেনিয়াম স্থল ও সমুদ্রপথে দক্ষিণ আমেরিকা থেকে উত্তর আমেরিকার সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যে মার্কিন জ্বালানি বিভাগের একটি স্থাপনায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ভেনেজুয়েলা সরকারের মতে, চলতি বছরের জানুয়ারিতে মার্কিন সামরিক অভিযানের পর ওই এলাকায় নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় অপসারণ জরুরি হয়ে পড়েছিল।

ভেনেজুয়েলার সাথে বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু এবং মার্কিন দূতাবাস পুনরায় খোলার মাধ্যমে কারাকাস ও ওয়াশিংটনের সম্পর্কে যখন বরফ গলতে শুরু করেছে, তখন ইরানের পরিস্থিতি সম্পূর্ণ বিপরীতমুখী। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য এখন ইরানের হাতে থাকা প্রায় ৪০৮ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সমর্পণ করতে বাধ্য করা, যা দিয়ে পারমাণবিক বোমা তৈরি সম্ভব বলে মনে করা হচ্ছে। তবে এখন পর্যন্ত সে প্রচেষ্টা সফল হয়নি।

সূত্র: দ্য গার্ডিয়ান

/এমএকে/