হাইতিতে ২ হাজার সেনা পাঠিয়েছে এল সালভাদর

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
হাইতিতে ২ হাজার সেনা পাঠিয়েছে এল সালভাদর
এল সালভাদরের সামরিক যান হাইতিতে পৌঁছেছে। ছবি: বিবিসি

ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র হাইতিতে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া নিজেদের চার সেনা সদস্যের খোঁজে ব্যাপক তৎপরতা শুরু করেছে মধ্য আমেরিকার দেশ এল সালভাদর। তাদের উদ্ধারে ইতোমধ্যে ২ হাজারেরও বেশি সৈন্য পাঠিয়েছে দেশটি।

বুধবার (২৮ অক্টোবর) এল সালভাদরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, চলতি সপ্তাহের শুরুর দিকে এল সালভাদরের রাষ্ট্রপতি নায়েব বুকেলে হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ের ফিলস-আইমেকে সরাসরি ফোন করে এ বিষয়টি জানান। বিবৃতিতে আরও বলা হয়, বুকেলে বলেছেন, সৈন্যরা হাইতিতে গ্যাংদের বিরুদ্ধে চলমান নিরাপত্তা প্রচেষ্টায়ও সহায়তা করবে।

মূলত জাতিসংঘ সমর্থিত গ্যাং-বিরোধী মিশন জিএসএফ-এ কর্মরত এল সালভাদরের বিমানবাহিনীর চার প্রযুক্তিবিদ নিখোঁজ হওয়ার পর থেকেই চরম উত্তেজনা তৈরি হয়। জানা গেছে, গ্যাং সাপ্রেশন ফোর্সের (জিএসএফ) চার সদস্য একটি সাঁজোয়া গাড়িতে করে নিজেদের ঘাঁটিতে ফিরছিলেন। পথে ক্রোয়া-দে-বুকে নামক সশস্ত্র গোষ্ঠী নিয়ন্ত্রিত একটি এলাকায় অতর্কিত হামলার শিকার হন তারা। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ ঘটনার দায় স্বীকার করেনি।

হাইতিতে সাম্প্রতিক বছরগুলোতে সশস্ত্র গোষ্ঠীগুলোর তাণ্ডব চরমে পৌঁছেছে। গত বছরের অক্টোবরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ হাইতিতে ক্রমবর্ধমান গ্যাং সহিংসতা মোকাবেলার জন্য জিএসএফ-এর ক্ষমতা বাড়ানোর অনুমোদন দেয়। তবে সেখানে বহুজাতিক বাহিনী পাঠালেও গ্যাংদের আধিপত্য থাকা এলাকাগুলোতে প্রবেশ করতে বেশ হিমশিম খেতে হচ্ছে তাদের।জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, এ বছরই হাইতিতে গ্যাং-সম্পর্কিত সহিংসতায় ৫ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। বর্তমানে দেশটির রাজধানী পোর্ট-অব-প্রিন্সের সিংহভাগ এলাকাই সশস্ত্র গ্যাংগুলোর নিয়ন্ত্রণে।

সূত্র: বিবিসি

/এমএকে/