শিরোনাম

ট্রাম্পের সাবেক আইনজীবী টড ব্লাঞ্চই যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
 ট্রাম্পের সাবেক আইনজীবী টড ব্লাঞ্চই যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল
যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল হলেন টড ব্লাঞ্চ

তীব্র রাজনৈতিক তর্ক-বিতর্ক আর দলীয় বিরোধ পেরিয়ে অবশেষে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে চূড়ান্ত অনুমোদন পেলেন ডোনাল্ড ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী টড ব্লাঞ্চ। মার্কিন সিনেটে নাটকীয় এক ভোটাভুটিতে ৫০-৪৯ ভোটের সূক্ষ্ম ব্যবধানে তার এই নিয়োগ নিশ্চিত করা হয়।

সিনেটে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ খুবই সংকীর্ণ হওয়ায় এ নিয়োগ নিশ্চিত করা ট্রাম্প প্রশাসনের জন্য সহজ ছিল না। ভোটাভুটির সময় রিপাবলিকান দলেরই দুই সিনেটর সুসান কলিন্স ও লিসা মারকোস্কি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে ব্লাঞ্চের বিপক্ষে ভোট দেন। তবে শেষ পর্যন্ত মাত্র এক ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করে ট্রাম্প শিবির। এর আগে তিনি ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ট্রাম্পের একাধিক ফৌজদারি মামলায় আইনি লড়াই চালানো ব্লাঞ্চ এখন দেশটির শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তা। নিয়োগ নিশ্চিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প তার ওপর যে আস্থা রেখেছেন, তাতে তিনি সম্মানিত। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে সিনেটরদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। ব্লাঞ্চ আরও বলেন, বিচার বিভাগের নিবেদিতপ্রাণ কর্মীদের সঙ্গে নিয়ে তিনি সততার সঙ্গে কাজ করে যেতে চান।

অন্যদিকে, ডেমোক্র্যাটরা শুরু থেকেই এ মনোনয়নের তীব্র বিরোধিতা করে আসছিলেন। তাদের অভিযোগ, বিচার বিভাগকে নিজের রাজনৈতিক স্বার্থে ব্যবহারের হাতিয়ার বানাচ্ছেন ট্রাম্প। সিনেটের জুডিশিয়ারি কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য ডিক ডারবিন বলেন, অ্যাটর্নি জেনারেলের কাজ হলো সাধারণ জনগণের আইনি স্বার্থ রক্ষা করা। কিন্তু মিস্টার ব্লাঞ্চ এখনও নিজেকে প্রেসিডেন্টের ব্যক্তিগত আইনজীবী মনে করছেন এবং বিচার বিভাগকে একটি একক মক্কেলকে সেবা দেওয়া আইনি ফার্মে পরিণত করেছেন।

ব্লাঞ্চের নিয়োগ ঘিরে রিপাবলিকানদের নিজেদের মধ্যেও কিছুটা সংশয় ছিল। মূলত ট্রাম্পের দুটি বিতর্কিত উদ্যোগ নিয়ে এ বিরোধ তৈরি হয়। একটি হলো তথাকথিত ‘রাজনৈতিক মামলার ভুক্তভোগীদের’ ক্ষতিপূরণ দিতে ১.৮ বিলিয়ন ডলারের একটি তহবিল গঠন, অন্যটি হলো ট্রাম্পকে কর নিরীক্ষা (ট্যাক্স অডিট) থেকে নজিরবিহীন দায়মুক্তি দেওয়ার প্রস্তাব। তবে এসব বিতর্ক ও তীব্র রাজনৈতিক উত্তাপ পেছনে ফেলেই শেষ পর্যন্ত মার্কিন বিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব সামলানোর সবুজ সংকেত পেলেন টড ব্লাঞ্চ।

সূত্র: গালফ নিউজ

/এমএকে/