হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যু বেড়ে ১২৪৯

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যু বেড়ে ১২৪৯
কোলাজ: সিটিজেন জার্নাল

দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৪৯ জনে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়েছে, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ (বৃহস্পতিবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকা বিভাগে চার শিশু এবং চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে শিশু মারা গেছে। এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় মোট ৬৪ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এই সময়ে আরও এক হাজার ২৫১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ (বৃহস্পতিবার) পর্যন্ত মোট ২ লাখ ৫০ হাজার ৫২ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১ হাজার ৪৬৮ শিশু। এসব শিশুর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে আরও ১ হাজার ১৪৪ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে মোট ১ লাখ ৯৩ হাজার ৩০১ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

/এফআর/