হাম উপসর্গে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
হাম উপসর্গে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু
কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও নয় শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৬ জনে। তাদের মধ্যে উপসর্গ নিয়ে ৯৯৫ এবং নিশ্চিত হামে আরও ১০১ শিশু মারা গেছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ (রবিবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে নয় শিশু মারা গেছে। তাদের মধ্যে ঢাকা বিভাগে চার শিশু এবং চট্টগ্রাম ও সিলেট দুজন করে শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহে একজনেরও মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় মোট ১১৩ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এই সময়ে আরও ১ হাজার ২২৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ (রবিবার) পর্যন্ত মোট ২ লাখ ৯ হাজার ২৪০ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৩১০ শিশু। একই সময়ে মোট ১ লাখ ৫৯ হাজার ৫১৯ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

/এফআর/