হামে শিশুমৃত্যুর সঙ্গে বাড়ছে মায়েদের মানসিক চাপ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
হামে শিশুমৃত্যুর সঙ্গে বাড়ছে মায়েদের মানসিক চাপ
হাসপাতালের একটি ওয়ার্ড

একমাত্র কন্যাসন্তানকে হারিয়ে মা রুনা বেগম (ছদ্মনাম) এখন শোকে পাথর। জীবনের সব দুঃখ ভুলিয়ে দিতে তার কোলজুড়ে এসেছিল ‘পূর্ণ রহমান’। মেয়ের বয়স থেমে গেছে সাত মাসে, প্রথম জন্মদিনটিও পালন করতে পারেননি মা। জুলাইয়ের শেষদিকে হামে কন্যাকে চিরতরে হারিয়ে ফেলেন রুনা। কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি শুধু অপেক্ষায় আছি মেয়ের কাছে ফিরে যাওয়ার। আল্লাহ যেন খুব তাড়াতাড়ি আমাকে তার কাছে নিয়ে যান। এ পৃথিবী আমার জন্য জাহান্নাম।’

মার্চ থেকে গতকাল শনিবার পর্যন্ত দেশে হাম ও উপসর্গে মারা গেছে ১ হাজার ৫৩ জন, যাদের প্রায় সবাই শিশু। মারা যাওয়া শিশুদের পরিবারগুলো মুখোমুখি হচ্ছে এক ট্র্যাজিক পরিস্থিতির। শিশুদের মা-বাবাদের শোক, মানসিক চাপ, বিষণ্নতা, আর্থিক ধাক্কায় অনেক পরিবার রীতিমতো ভাঙনের মুখে। বিশেষ করে কম বয়সে বিয়ে হওয়া তরুণী মায়েরা সন্তান হারানোর শোক ও পরিবারের নানাবিধ চাপ সামলাতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়ছেন।

রুনার গল্পের সঙ্গে অনেক মিল রয়েছে সায়মা সুলতানার (ছদ্মনাম)। আগস্টের শুরুতে তার নয় মাসের কন্যা আরিশা মনিকে হারিয়েছেন তিনি। বড় আরেকটি ছেলে থাকলেও শিশুকন্যাকে হারিয়ে একাকিত্ব আর বিষণ্নতায় ভুগছেন তিনি। স্বামী ও সন্তান নিয়ে ঢাকায় বাস করায় পরিস্থিতি যেন আরো জটিল হয়েছে। তার স্বামীও সন্তানের শোকে কাবু। কেউ কাউকে সান্ত্বনা দিতে পারেন না। এমন শোক আর বিষণ্নতায় তাদের মধ্যেও দূরত্ব বাড়ছে ।

দক্ষিণাঞ্চলের এক জেলা শহরের মেয়ে সাদিয়াও হামে সন্তান হারিয়েছেন। স্বামী ও পরিবার পাশে থাকলেও সন্তানের শোক ও ভবিষ্যৎ সাংসারিক অনিশ্চয়তায় মুহ্যমান তিনি। মেজাজ খিটমিটে হয়ে গেছে তার। ঘরজুড়ে সন্তানের স্মৃতি। অন্য শিশুকে দেখলেই চিৎকার করে কেঁদে ফেলেন সাদিয়া। জানা যায়, এপ্রিলে সন্তান হারানোর পর থেকে মানসিকভাবে পুরোপুরি স্থিতিশীল নেই তিনি। অল্প বয়সেই মা হয়েছিলেন। গর্ভাবস্থায় নানা জটিলতা দেখা দিয়েছিল। কখনো সন্তান না নেয়ার নির্দেশ দিয়েছিলেন চিকিৎসকরা। হামে সেই আরাধ্য সন্তান হারিয়ে সাদিয়ার শোক ফুরাচ্ছে না। তার মা-বাবা বলছেন, সন্তান না থাকলে স্বামী-শ্বশুরবাড়ির মন পরিবর্তন হতে কতক্ষণ! মেয়ের সংসারের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা।

মনোবিজ্ঞানী ও অধ্যাপক ড. মেহতাব খানম বলেন, ‘নারীর আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা গড়ে তোলা অত্যন্ত প্রয়োজন। আমি নারী সেটা আমার পরিচয় না, আমি একটা মানুষ সেটা হচ্ছে– আমার প্রথম পরিচয়। নারীদের মনে রাখতে হবে যে আমিও একজন মা এবং মা হিসেবে যতটুকু করার ছিল, তা করেছি। আমাদের সাধ্যের তো একটা সীমাবদ্ধতা আছে।’

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশুদের প্রায় অর্ধেকের বয়স নয় মাসের কম। হামে বা উপসর্গে এ রকম শিশুসন্তার হারানো অনেকগুলো পরিবারের সঙ্গে কথা বলে দেখে গেছে, উপযুক্ত মানসিক, পারিবারিক সমর্থনের অভাবে সদ্য সন্তান হারানো মায়েরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন। তাদের অনেকেই অল্পবয়সী ও প্রথমবারের মতো মা হয়েছিলেন।

দেশে নারীর অধিকারকর্মী খুশী কবির গণমাধ্যমকে বলেন, ‘সন্তান হারানোর পর মায়েরা শারীরিক ও মানসিকভাবে চরম অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন। অধিকাংশ ক্ষেত্রেই দুদিকের পরিবারের নানাজন থেকে আসা বহুমুখী চাপের ফলে সংসারগুলো আজ ভাঙনের মুখে। যখন কোনো অঘটন বা শিশুমৃত্যু ঘটে, তখন অল্পবয়সী মায়েরা দুর্বল হয়ে পড়ে। তার কোনো স্বাধীন অস্তিত্ব থাকে না।’

হাম ও উপসর্গে মৃত শিশুর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মানসিকভাবে ভেঙে পড়া মায়েদের সংখ্যাও বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন অনেক মায়ের শোক সামনে আসছে। এ মায়েদের জন্য কাউন্সেলিংয়ের বিশেষ ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করছেন মনোবিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. একেএম রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, ‘সন্তান হারানো যেকোনো পিতা-মাতার জন্য বড় ট্রমাটিক। বিশেষ করে প্রথম শিশুসন্তান হারানো শোকের বোঝা আরো ভারী। যে মায়ের বুক খালি হয়েছে, তার সন্তান হারানোর অবর্ণনীয় কষ্ট ও শূন্যতা বাইরের কারো পক্ষে পুরোপুরি অনুভব করা সম্ভব নয়।’

তিনি ব্যাখ্যা করেন, ‘বর্তমান যুগে গর্ভধারণ আগের চেয়ে অনেক বেশি জটিল ও চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। অনেকের ক্ষেত্রে দীর্ঘ চিকিৎসা ও আকুল প্রার্থনার পর যখন একটি শিশু জন্ম নেয়, তখন তাকে ঘিরে বাবা-মায়ের প্রত্যাশা ও স্বপ্ন থাকে অসীম। তাই সেই সন্তানের মৃত্যু তাদের জীবনে এক ভয়াবহ মানসিক বিপর্যয় তৈরি করে। এ সংকট কাটাতে স্বামীর সহমর্মিতা সবচেয়ে বেশি প্রয়োজন। পাশাপাশি আত্মীয়-স্বজন ও সামাজিক সহমর্মিতা অনেক সময় পেশাদার সেবার চেয়ে বেশি কার্যকর হয়।’

/এসআর/