শিরোনাম

পুলিশ হাসপাতালে প্রথমবার সফল করোনারি এনজিওপ্লাস্টি

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
পুলিশ হাসপাতালে প্রথমবার সফল করোনারি এনজিওপ্লাস্টি
রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রথমবারের মতো সফলভাবে পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন (পিসিআই) বা করোনারি এনজিওপ্লাস্টি সম্পন্ন হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ১৯৫৪ সালে প্রতিষ্ঠার পর এটি হাসপাতালটির চিকিৎসাসেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

শনিবার (৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আবদুল ওয়াদুদ চৌধুরীর নেতৃত্বে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের এক সদস্যের হৃদপিণ্ডে সফলভাবে এনজিওপ্লাস্টি সম্পন্ন করেন।

বর্তমানে ওই পুলিশ সদস্য হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এ সেবা চালুর মাধ্যমে হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এর ফলে বাংলাদেশ পুলিশের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা আন্তর্জাতিক মানের আধুনিক হৃদরোগ চিকিৎসা এবং জরুরি কার্ডিয়াক ইন্টারভেনশন সেবা আরও দ্রুত ও সহজে গ্রহণ করতে পারবেন।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আধুনিক চিকিৎসা প্রযুক্তির সংযোজন, দক্ষ জনবল গঠন এবং বিশেষায়িত স্বাস্থ্যসেবা সম্প্রসারণের মাধ্যমে উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।

/এমআর/