হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যু বেড়ে ১০৪৮

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যু বেড়ে ১০৪৮
কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

হামের উপসর্গ নিয়ে দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৮ জনে। তাদের মধ্যে উপসর্গ নিয়ে ৯৪৮ এবং নিশ্চিত হামে আরও ১০০ শিশু মারা গেছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ (শুক্রবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দুই শিশু মারা গেছে। তাদের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় মোট ৫২ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এই সময়ে আরও ১ হাজার ২৪৫ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ (শুক্রবার) পর্যন্ত মোট ১ লাখ ৯৮ হাজার ১২০ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৭১৮ শিশু। একই সময়ে মোট ১ লাখ ৫০ হাজার ৬৩৩ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

এদিকে, বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী নিশ্চিত হামে সবচেয়ে বেশি ৬৩ রোগী মারা গেছে ঢাকায়। এ ছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুইজন মৃত্যুবরণ করেছে।

এ ছাড়া, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪২৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া সিলেটে ১৬৫, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৭, চট্টগ্রামে ৭৪, বরিশালে ৫৯, খুলনায় ৪০ ও রংপুরে ১৪ জন প্রাণ হারিয়েছে।

/এফআর/