অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেলে নিয়ে আসছি: ডেঙ্গু রোগীর স্বজন

অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেলে নিয়ে আসছি: ডেঙ্গু রোগীর স্বজন
ঢাকা মেডিকেলের নতুন ভবনের মেডিসিন বিভাগে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

‘নয় দিন ধরে ডেঙ্গু ধরা পড়ছে। এর আগে গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলাম। অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেলে নিয়ে আসছি। দুই দিন ধরে জ্বর কমতেছে না, তাই এই হাসপাতালে নিয়ে আসছি।’

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কথাগুলো বলছিলেন ডেঙ্গু আক্রান্ত রোগীর (শিশু) স্বজনরা।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা মেডিকেলের নতুন ভবনের মেডিসিন বিভাগে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এই ভবনের ৪র্থ তলার ৪০২ ওয়ার্ডের ভিতরে ২৬ শয্যা রয়েছে। আর বাইরে রয়েছে ১৬ শয্যা। ৫ম তলায় ৩৬ শয্যার পুরো বেডে পুরুষ ডেঙ্গু রোগী। এছাড়া ৭ম তলায় ৭০৪ ওয়ার্ডে মহিলাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডেঙ্গু রোগীর ওয়ার্ড। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর
ডেঙ্গু রোগীর ওয়ার্ড। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

জিয়াসমিন নামের এক রোগীর স্বজন কাওছার বলেন, ‘আমরা আসছি মানিকগঞ্জ থেকে। তিনদিন আগে ডেঙ্গু ধরা পড়ছে। মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলাম। অবস্থার অবনতি হওয়ায় গতকাল ঢাকা মেডিকেলে নিয়ে আসি। এখানে টেস্ট করার পরে সকালে রিপোর্ট হাতে পেলাম। আজকের রিপোর্টে প্লাটিলেট ১৮০০০ হাজার। অবস্থা আশঙ্কাজনক। খুব দুশ্চিন্তায় আছি।’

কামরুল হাসান নামের রোগীর এক স্বজন বলেন, ‘আমরা গতকাল গাজীপুর থেকে আসছি। ৯ দিন ধরে ডেঙ্গু ধরা পড়ছে। এর আগে গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলাম। অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেলে নিয়ে আসছি। এখানে প্লাটিলেট পরীক্ষার টেস্ট দিছে। এখনো রিপোর্ট আসেনি। আসলে পরে বোঝা যাবে। চিকিৎসা চলতেছে।’

আরেক ডেঙ্গু রোগীর স্বজন হাবিব বলেন, ‘আমরা শাহজাহানপুর থেকে আসছি। সেখানে ডাক্তার দেখানোর পর তারা বললো ডেঙ্গু হয়েছে। দুই দিন ধরে জ্বর কমতেছে না, তাই ঢাকা মেডিকেলে নিয়ে আসছি। এখন চিকিৎসা চলতেছে। প্লাটিলেট পরীক্ষার টেস্ট করতে দিছি। এখনো রিপোর্ট হাতে পাইনি।’

হাসপাতালের নার্সদের দেওয়া তথ্যমতে, ৪র্থ তলায় পুরুষ ওয়ার্ডে আগের ভর্তি রোগীর সংখ্যা ৪৩। নতুন করে ভর্তি হয়েছে দুই জন। গতকাল বিকাল ৩টা ৪৫ মিনিটে ১ জনের মৃত্যু হয়েছে। তবে ৫ম তলার তথ্য দায়িত্বশীল নার্সরা দেননি। ৭ম তলায় মহিলা ওয়ার্ডে আগের ভর্তি রোগী ৪৬ জন। আজ আরও ২ জন ভর্তি হয়েছেন।

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা দুটোই বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৪৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২২৭ জন, ঢাকা উত্তর সিটিতে ২০৭ জন, ঢাকা বিভাগে ১৯০ জন, বরিশাল বিভাগে ২১১ জন, চট্টগ্রাম বিভাগে ১৯২ জন, রাজশাহী বিভাগে ১০২ জন, ময়মনসিংহ বিভাগে ৬৪ জন, রংপুর বিভাগে ৩৫ জন ও সিলেট বিভাগে ৪ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের শুরু থেকে বুধবার (১৬ সেপ্টেম্বর) পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ৯১৬ জন। এর মধ্যে চলতি মাসে রোগীর সংখ্যা ২১ হাজার ৭০। গত আগস্ট মাসে রোগীর সংখ্যা ছিল ২০ হাজার ৫৩৬। আর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ এবং সেপ্টেম্বরের ১৭ দিনেই ৭৯ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয় ১ লাখ দুই হাজার ৮৬১ জন। আর মৃত্যু হয়েছে ৪১৩ জনের মৃত্যু হয়েছে।

/জেএইচ/