হামের প্রাদুর্ভাব: আরও ৫ শিশুর প্রাণহানি, মোট ১৩৪১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
হামের প্রাদুর্ভাব: আরও ৫ শিশুর প্রাণহানি, মোট ১৩৪১
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৪১ জনে। শুক্রবার (২০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ (শুক্রবার ) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকা ও সিলেট দুইজন করে শিশু এবং ময়মনসিংহ বিভাগে আরও এক শিশু মারা গেছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় মোট ৮৫ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এই সময়ে আরও এক হাজার ১৮৫ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ১ হাজার ২০৬ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ (সোমবার) পর্যন্ত মোট ২ লাখ ৭৫ হাজার ১১ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। এসব শিশুর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে আরও ১ হাজার ২৩৬ জনের মৃত্যু হয়েছে।

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৫৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২২১ জন, চট্টগ্রামে ১২৫, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৯৫, বরিশালে ৭০, খুলনায় ৫৯ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।

/এফআর/