শিরোনাম

গরমে ত্বকের সুরক্ষায় সানস্ক্রিন হোক সহজ সমাধান

সাবিকুন নাহার রিংকি
গরমে ত্বকের সুরক্ষায়  সানস্ক্রিন হোক সহজ সমাধান
ত্বকে সানস্ক্রিনের ব্যবহার ত্বককে রাখে সুস্থ । ছবি : সংগৃহীত

দৈনন্দিন ব্যস্ততার মাঝে ত্বকের যত্ন অনেক সময়ই অবহেলিত থেকে যায়। বিশেষ করে সানস্ক্রিন ব্যবহারের বিষয়টি আমরা প্রায়ই গুরুত্ব দিই না। অথচ বিশেষজ্ঞদের মতে, ত্বককে সুস্থ ও সুরক্ষিত রাখতে প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করা অত্যন্ত জরুরি। রোদে বের হওয়া হোক বা ঘরের ভেতরে থাকা অতিবেগুনি (আলট্রা ভায়োলেট ) রশ্মির প্রভাব থেকে পুরোপুরি মুক্ত থাকা যায় না।

সূর্যের ইউভি রশ্মি মূলত দুই ধরনের ইউভিএ ও ইউভিবি রশ্মি ত্বকের উপরিভাগে প্রভাব ফেলে রোদে পোড়া সৃষ্টি করে, আর ইউভিএ ত্বকের গভীরে প্রবেশ করে ধীরে ধীরে কোষের ক্ষতি করে এবং অকাল বার্ধক্যের লক্ষণ বাড়ায়। এমনকি মেঘলা দিন বা জানালার কাচের মধ্য দিয়েও ইউভিএ রশ্মি ত্বকে পৌঁছাতে পারে। তাই শুধু রোদেলা দিনেই নয়, প্রতিদিনই সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন।

চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, কমপক্ষে এসপিএফ ৩০ সমৃদ্ধ সানস্ক্রিন ত্বকের জন্য উপযোগী। এটি নিয়মিত ব্যবহার করলে ত্বক রোদে পোড়া থেকে সুরক্ষিত থাকে এবং কালো দাগ বা পিগমেন্টেশনের সমস্যা কমে। দীর্ঘদিন ধরে সানস্ক্রিন ব্যবহার করলে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা বজায় থাকে।

ত্বকের ক্যান্সারের ঝুঁকি কমাতেও সানস্ক্রিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইউভি রশ্মি ত্বকের কোষের ডিএনএ ক্ষতিগ্রস্ত করতে পারে, যা পরবর্তীতে ক্যান্সারের কারণ হতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নিয়মিত সানস্ক্রিন ব্যবহারকারীদের মধ্যে ত্বকের ক্যান্সারের হার তুলনামূলকভাবে কম।

এছাড়া সানস্ক্রিন ত্বকের অকাল বার্ধক্য রোধে সহায়ক। সূর্যের প্রভাবে ত্বকে বলিরেখা, ফাইন লাইন এবং ঢিলে ভাব দেখা দেয়। নিয়মিত সানস্ক্রিন ব্যবহার এসব লক্ষণ দেরিতে আসতে সাহায্য করে। একই সঙ্গে এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, কারণ অনেক সানস্ক্রিনে ময়শ্চারাইজিং উপাদান থাকে।

সংবেদনশীল ত্বকের জন্যও সানস্ক্রিন উপকারী। রোসেসিয়া বা একজিমার মতো সমস্যায় আক্রান্তদের জন্য এটি এক ধরনের সুরক্ষা স্তর তৈরি করে, যা ত্বকের জ্বালা ও লালচে ভাব কমাতে সহায়তা করে।

বিশেষজ্ঞরা আরও জানান, বাইরে দীর্ঘ সময় থাকলে প্রতি দুই থেকে তিন ঘণ্টা পরপর সানস্ক্রিন পুনরায় লাগানো উচিত। শুধু মুখ নয়, হাত, গলা ও শরীরের উন্মুক্ত অংশেও সানস্ক্রিন ব্যবহার করা জরুরি।

সব মিলিয়ে, ত্বকের সুরক্ষায় সানস্ক্রিন একটি সহজ কিন্তু অত্যন্ত কার্যকর উপায়। সচেতনতার অভাবে আমরা অনেক সময় এই গুরুত্বপূর্ণ অভ্যাসটি এড়িয়ে যাই। অথচ প্রতিদিনের ছোট একটি পদক্ষেপই ত্বককে দীর্ঘমেয়াদে সুস্থ ও সুন্দর রাখতে বড় ভূমিকা রাখতে পারে।

/এসএনআর/