শিরোনাম

বিশ্ব বই দিবস আজ

সিটিজেন ডেস্ক
বিশ্ব বই দিবস আজ
ছবি: সিটিজেন জার্নাল

আজ ২৩ এপ্রিল, বিশ্ব বই ও কপিরাইট দিবস। মানবসভ্যতার ইতিহাসে বইয়ের গুরুত্ব অপরিসীম। এজন্য মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে ১৯৯৫ সালে আজকের দিনটিকে বই দিবস হিসেবে ঘোষণা করে ইউনেস্কো। তবে এর সূচনা আরও আগের। স্পেনের লেখক ভিসেন্ত ক্লাভেল আন্দ্রেসের হাত ধরে দিবসটি সামনে আসে। তিনি তার প্রিয় লেখক এবং স্প্যানিশ সাহিত্যের প্রবাদপুরুষ মিগেল ডি সার্ভান্তেসের প্রয়াণ দিবসকে স্মরণীয় করে রাখতে ১৯২৩ সাল থেকে স্পেনে এই প্রথা শুরু করেন। তার উদ্যোগেই ১৯২৬ সালে স্পেনে প্রথমবারের মতো ‘বই দিবস’ পালিত হয়েছিল।

২৩ এপ্রিল বিশ্বসাহিত্যের তিন প্রবাদপুরুষ উইলিয়াম শেক্সপিয়র, মিগুয়েল ডি সার্ভান্তেস এবং ইনকা গার্সিলাসো ডি লা ভেগার মৃত্যুবার্ষিকী। তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই দিনটি বেছে নেওয়া হয়েছে।

দিবসটি উপলক্ষে প্রতি বছর ইউনেস্কো একটি শহরকে ‘ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল’ হিসেবে ঘোষণা করে। সেই শহরটি পুরো বছরজুড়ে বই এবং পড়ার অভ্যাস বাড়াতে নানা কর্মসূচি পালন করা হয়। এ বছর ‘ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল’ বা বিশ্ব বই রাজধানী হিসেবে নির্ধারণ করা হয়েছে মরক্কোর শহর রাবাতকে।

বই দিবস ছাড়াও আজকের দিনটি বিশ্ব কপিরাইট দিবস হিসেবেও পালিত হয়। বই পড়ার গুরুত্ব ছড়িয়ে দিতে, বইয়ের প্রকাশনা শিল্পকে উৎসাহিত করতে এবং সৃজনশীল কাজের মেধাস্বত্ব বা কপিরাইট সংরক্ষণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিশ্বজুড়ে পালিত হয় এই দিবস। মূলত লেখক, প্রকাশক এবং পাঠকদের মধ্যে একটি নিবিড় সেতুবন্ধ তৈরি করাই এই দিবসের প্রধান লক্ষ্য।

বিশ্বের প্রায় ১০০টিরও বেশি দেশে বই ও কপিরাইট দিবস পালিত হয়। দিনটি উপলক্ষে বিভিন্ন দেশে বইমেলা, আলোচনা সভা, সাহিত্য প্রতিযোগিতা এবং পাঠচক্রের আয়োজন করা হয়।

/জেএইচ/