শিরোনাম

ভুল পছন্দের কারণে কেন নিজেকে শেষ করবো: শ্রাবন্তী

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
ভুল পছন্দের কারণে কেন নিজেকে শেষ করবো: শ্রাবন্তী
শ্রাবন্তী চ্যাটার্জী

ভারতীয় বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে একাধিকবার সংবাদ শিরোনাম হয়েছেন তিনি। বিশেষ করে তিনবার বিবাহবিচ্ছেদের পর নেটিজেনদের কঠোর কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজের ব্যক্তিগত জীবন ও মানসিক টানাপোড়েন নিয়ে কথা বলেছেন।

শ্রাবন্তী জানান, ভালোবাসার সম্পর্কে বারবার আঘাত পেয়ে তিনি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন যে, একসময় নিজেকে শেষ করে দেওয়ার কথা ভেবেছিলেন।

‘স্ট্রেট আপ উইথ শ্রী’ নামের একটি পডকাস্টে অংশ নিয়ে অভিনেত্রী বলেন, ‘অনেক সময় মনে হয়েছে, নিজেকে শেষ করে দেই। তারপর ভেবেছি, কেন শেষ করব? শুধুমাত্র একটা ভুল পছন্দের কারণে?‘

প্রসঙ্গত, ১৯৯৭ সালে ‘মায়ার বাঁধন’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রের যাত্রা শুরু হয়। ২০০৩ সালে খুব কম বয়সে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। এরপর পুরোপুরি সংসারী হয়ে যান। ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ ঘটে। প্রথম দীর্ঘ দাম্পত্যে তাদের অভিমন্যু (ঝিনুক) নামের একটি পুত্রসন্তান রয়েছে। সে মায়ের সঙ্গেই বসবাস করছেন।

প্রথম বিচ্ছেদের পর ২০১৬ সালে মডেল কৃষাণ ব্রিজের সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। তবে মাত্র এক বছর টেকে তাদের সংসার। এরপর ২০১৯ সালে ফিটনেস ট্রেনার রোশন সিংকে গোপনে বিয়ে করেন অভিনেত্রী। তবে বিয়ের কয়েক মাসের মাথায় তারা আলাদা বসবাস শুরু করেন। দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২৫ সালের এপ্রিলে রোশনের সঙ্গে তার আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ হয়। বর্তমানে তিনি সিঙ্গেল আছেন এবং নিয়মিত অভিনয় করে যাচ্ছেন।

/জেএইচ/