শিরোনাম

এই লোক কি জিনিস আইডিয়া নাই: ইরফান সাজ্জাদ

বিনোদন ডেস্ক
এই লোক কি জিনিস আইডিয়া নাই: ইরফান সাজ্জাদ

পড়াশোনা নিয়ে শিক্ষার্থীদের সতর্ক করলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। নতুন সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন আ ন ম এহসানুল হক মিলন। তার প্রসঙ্গ টেনে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড একাউন্টে একটি পোস্ট দিয়েছেন ইরফান।

নবনিযুক্ত শিক্ষামন্ত্রীর ছবি শেয়ার করে ইরফান সাজ্জাদ লেখেন, ‘বাচ্চারা তোমরা যারা আগের দিন টিকটক করে পরের দিন পরীক্ষা দিয়ে পাশ করে গেছো আল্লাহর ওয়াস্তে পড়তে বসো! এই লোক কি জিনিস তোমাদের কোনো আইডিয়া নাই!’

অতীতের কঠোর পরীক্ষাব্যবস্থার কথা মনে করিয়ে দিয়ে অভিনেতা লেখেন, ‘আমাদের এসএসসি পরীক্ষার সময় পাসের হার ছিল ২৮ শতাংশ। আর সেই সময়ে এই ভদ্রলোক (এহসানুল হক মিলন) ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী।’ তার এই বক্তব্যে স্পষ্ট যে, তিনি শিক্ষার্থীদের আসন্ন কঠিন সময়ের জন্য মানসিকভাবে প্রস্তুত হতে বলেছেন।

পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। কমেন্টে নেটিজেনরা বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ পুরোনো দিনের সেই কড়াকড়ি ও নকলমুক্ত পরীক্ষার স্মৃতিচারণ করছেন। আবার কেউ কেউ রসিকতা করে প্রশ্ন তুলেছেন, সবাই যদি পড়াশোনায় ব্যস্ত হয়ে যায়, তবে অভিনেতাদের নাটক দেখবে কে?

সবমিলিয়ে অভিনেতা ইরফান সাজ্জাদের পোস্ট বাংলাদেশের শিক্ষাব্যবস্থা নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

/জেএইচ/