৪ বছর টিভি থেকে দূরে, কারণ জানালেন রেশমি দেশাই

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৪ বছর টিভি থেকে দূরে, কারণ জানালেন রেশমি দেশাই
রেশমি দেশাই

ভারতের ছোটপর্দার অভিনেত্রী রেশমি দেশাই। বলিউড ভাইজান সালমান খানের সঞ্চালনায় নির্মিত জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’- এ অংশ নিয়ে দেশব্যাপী পরিচিতি পান এই অভিনেত্রী। তবে দীর্ঘদিন ধরেই টেলিভিশন থেকে দূরে ছিলেন তিনি। অবশেষে আবারও ছোট পর্দায় ফিরেছেন। স্টার প্লাসের ‘সায়োনি’ ধারাবাহিকের মাধ্যমে তার এই প্রত্যাবর্তন ঘটেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীর্ঘ বিরতির কারণ, নিজের দক্ষতা ঝালাই করা এবং ক্যারিয়ার নিয়ে নানা তিক্ত অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন তিনি।

বিনোদনভিত্তিক মাধ্যম ‘স্ক্রিন’-কে দেওয়া সাক্ষাৎকারে রেশমি জানান, তিনি প্রায় তিন থেকে চার বছর নিয়মিত কাজ থেকে দূরে ছিলেন। অভিনেত্রীর ভাষ্য, মাঝে তিন-চার বছর কাজ বন্ধ রেখেছিলাম। গুজরাটি একটি সিনেমা করেছি, জি৫-এর ‘হিসাব বরাবর’ ছবিতেও কাজ করেছি। টেলিভিশনের কিছু প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু সেগুলোর সঙ্গে নিজেকে মেলাতে পারিনি। হয়তো তখন আমি প্রস্তুতও ছিলাম না।

বিরতির সময়টিতে নিজের অভিনয় দক্ষতা বাড়ানোর দিকে মনোযোগ দেন বলে জানান রেশমি। পুরোনো শেখা বিষয়গুলো নতুনভাবে মূল্যায়নের জন্য তিনি বিভিন্ন ওয়ার্কশপে অংশ নেন।

দীর্ঘ সময়ের ধারাবাহিকে অভিনয়ের অভিজ্ঞতাকে শিক্ষণীয় হিসেবে উল্লেখ করেন অভিনেত্রী। সেইসঙ্গে সামাজিকমাধ্যমের নেতিবাচক মন্তব্য ও ট্রলিং নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। রেশমি জানান, তিনি গত সাড়ে তিন মাস ধরে সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্য পড়া বন্ধ রেখেছেন। তার দাবি, অনেক সময় অর্থের বিনিময়ে পরিকল্পিতভাবে ট্রলিং করা হয়।

তিনি আরও বলেন, অনলাইন হয়রানি ও কটূক্তির একটি সীমা থাকা উচিত। এ ধরনের বিষাক্ত আচরণ মানুষের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলে। এমনকি অনলাইন ট্রলিংয়ের কারণে অনেকে আত্মহত্যার মতো পথও বেছে নেন।

নারী হওয়ায় তাকে নানা সময় অবমূল্যায়নের শিকার হতে হয়েছে বলেও অভিযোগ করেন রেশমি। তিনি পর্দায় নারীদের কেবল সৌন্দর্য বা গ্ল্যামার প্রদর্শনের অনুষঙ্গ হিসেবে দেখার প্রবণতা থেকে বের হয়ে আসা উচিত বলে মনে করেন। তার মতে, নারীদের কাজ ও অভিনয় দক্ষতাকে মূল্যায়ন করা প্রয়োজন।

ক্যারিয়ার নিয়ে রেশমি বলেন, অভিনেত্রী হিসেবে তার আরও অনেক কিছু দেওয়ার বাকি আছে। তবে নিজের প্রতিভা প্রদর্শনের জন্য উপযুক্ত সুযোগ বা মঞ্চ তিনি পাননি বলেও আক্ষেপ করেছেন।

অনেকে তাকে শুধু ‘টেলিভিশন অভিনেত্রী’ হিসেবে সীমাবদ্ধ করতে চান। তবে রেশমির ভাষ্য ভিন্ন। তার মতে, টিভি মাধ্যমকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। কারণ এই মাধ্যমের ব্যাপক দর্শকসংখ্যা ও মানুষের কাছে পৌঁছানোর শক্তি অন্য যে কোনো মাধ্যমের চেয়ে অনেক বেশি।

ক্যারিয়ার নিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে রেশমি বলেন, ‌অনেকেই আমাকে বলেছেন, আমার মুখ টেলিভিশনে অতিরিক্ত দেখা হয়ে গেছে। এমন কথাও শুনতে হয়েছে, আমার ক্যারিয়ার শেষ।

/জেএইচ/