শিরোনাম

৫০০০ পর্বে ‘রাঙা সকাল’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৫০০০ পর্বে ‘রাঙা সকাল’
মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী

২০১১ সালের ৩০ জুলাই ‘রাঙাতে এলো মাছরাঙা’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করে মাছরাঙা টেলিভিশন। শুরু থেকেই দর্শকদের জন্য সৃজনশীল ও ভিন্নধর্মী অনুষ্ঠান উপহার দেওয়ার প্রত্যয়ে কাজ করে আসছে চ্যানেলটি। সেই ভাবনারই অন্যতম প্রতিফলন ‘রাঙা সকাল’।

মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীর পরিকল্পনায় চ্যানেলটি যাত্রার প্রথম দিন থেকেই বিরতিহীনভাবে প্রচারিত হয়ে আসছে ‘রাঙা সকাল’ অনুষ্ঠানটি। দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে প্রতিদিন সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত প্রচারিত ‘রাঙা সকাল’ এখন আর শুধু একটি টেলিভিশন অনুষ্ঠান নয়; হয়ে উঠেছে দর্শকের প্রতিদিনের সকালের অভ্যাস ও জীবনের অবিচ্ছেদ্য অংশ।

আগামী শনিবার (২৯ আগস্ট) ‘রাঙা সকাল’ পূর্ণ করতে যাচ্ছে ৫০০০তম পর্ব। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা আলোকিত মানুষদের নিয়ে নির্মিত এই জীবনীভিত্তিক অনুষ্ঠানে ইতোমধ্যে অতিথি হয়েছেন ৮ হাজারেরও বেশি বিশিষ্ট ব্যক্তি।

উল্লেখযোগ্য, এই দীর্ঘ যাত্রায় প্রায় সব অতিথিই মাত্র একবার করে ‘রাঙা সকাল’ এর আয়োজনে অংশ নিয়েছেন। ৫০০০তম পর্ব উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং ‘রাঙা সকাল’ এর পরিকল্পক অঞ্জন চৌধুরী।

‘রাঙা সকাল’ অনুষ্ঠানের ৫০০০তম পর্ব
‘রাঙা সকাল’ অনুষ্ঠানের ৫০০০তম পর্ব

অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রুম্মান রশীদ খান ও খালেদা আক্তার। প্রযোজনা করেছেন জোবায়ের ইকবাল।

৫০০০তম পর্বের বিশেষ আয়োজনে অঞ্জন চৌধুরী বলেন, ‘আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নানা ধরনের খবর দেখি। এর মধ্যে নেতিবাচক খবরগুলো অনেক সময় আমাদের পুরো দিনের আবহ নষ্ট করে দেয়। সেই ভাবনা থেকেই চেয়েছি, ‘রাঙা সকাল’ এমন একটি অনুষ্ঠান হোক, যার মাধ্যমে সকালে ঘুম থেকে উঠে মানুষ একটি ইতিবাচক বাংলাদেশের চিত্র দেখতে পাবে। ‘রাঙা সকাল’-এর ৫০০০তম পর্বের এই বিশেষ দিনে তাঁদের প্রত্যেকের প্রতি হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই।’

৫০০০তম পর্ব পূর্তি উপলক্ষে শনিবার (২৯ আগস্ট) মাছরাঙা টেলিভিশন প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে বিশেষ মিলনমেলার। ‘রাঙা সকাল’-এর দীর্ঘ পথচলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত সকল অতিথি, অনুষ্ঠানের নেপথ্যের কলাকুশলী এবং গণমাধ্যমের সাংবাদিকদের এই বিশেষ আয়োজনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

/টিই/