ঢাকায় পপতারকা ওটিলিয়া, আজ মঞ্চ মাতাবেন রোমানিয়ান গায়িকা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
ঢাকায় পপতারকা ওটিলিয়া, আজ মঞ্চ মাতাবেন রোমানিয়ান গায়িকা
ওটিলিয়া ব্রুমা

দ্বিতীয়বারের মতো ঢাকায় আসছেন ‘বিলিওনেরা’ গান দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা। শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তার কনসার্ট। ‘ওটিলিয়া রিটার্নস: বিলিয়নেরা লাইভ ইন ঢাকা’ শিরোনামের এই কনসার্টে অংশ নেবেন তিনি। তার সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবেন সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তার ব্যান্ড।

রোমানিয়ান পপতারকা ওটিলিয়া
রোমানিয়ান পপতারকা ওটিলিয়া

এরই মধ্যে ঢাকায় পৌঁছেছেন তিনি। রাজধানী শহরে এসেই ভক্তদের সঙ্গে নিজের উচ্ছ্বাস ভাগ করে নিয়েছেন এই পপতারকা। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘হ্যালো, ঢাকা! আমি নিরাপদে তোমাদের এই সুন্দর শহরে পৌঁছে গেছি। এখানে আসতে পেরে ভীষণ আনন্দিত, আর আমার সব অসাধারণ ভক্তদের সঙ্গে দেখা করার জন্য আর তর সইছে না। তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা, খুব শিগগিরই দেখা হচ্ছে।’

আবেদনময়ী ওটিলিয়া
আবেদনময়ী ওটিলিয়া

কনসার্টে পরিবেশনার বিষয়টি নিশ্চিত করেছেন ফুয়াদ আল মুক্তাদির নিজেই। সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “ঢাকা, ২৭ নভেম্বর দেখা হচ্ছে! ‘ওটিলিয়া রিটার্নস: বিলিয়নেরা লাইভ ইন ঢাকা’কনসার্টে যোগ দিচ্ছে ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস। এই আয়োজনে থাকবে ওটিলিয়ার আন্তর্জাতিক জনপ্রিয় গান এবং ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডসের জনপ্রিয় সব পরিবেশনা।”

শুক্রবার (২৭ নভেম্বর) বিকাল ৫টায় রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের ১০০ ফিটের কোর্টসাইডে এই কনসার্টের আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইতে কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। এর আগে ২০২২ সালে প্রথমবার বাংলাদেশ সফর করেছিলেন ওটিলিয়া।

ওটিলিয়া ব্রুমা
ওটিলিয়া ব্রুমা

প্রসঙ্গত, ২০১৪ সালে ‘বিলিওনেরা’ গানটি প্রকাশের পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া পড়ে। এর ফলে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেন রোমানিয়ান এই গায়িকা। বুলগেরিয়া, তুরস্ক, গ্রিস, পাকিস্তান ও ভারতের রেডিওতে গানটি তুমুল জনপ্রিয়তা পায়। এসব দেশের চার্টের শীর্ষে জায়গা করে নেয় গানটি। সেই থেকেই ‘বিলিওনেরা’ গানটি ওটিলিয়ার বড় পরিচয়ে পরিণত হয়।

/জেএইচ/