শিরোনাম

বক্স অফিস কাঁপাচ্ছে ‘দৃশ্যম ৩’

বিনোদন ডেস্ক
বক্স অফিস কাঁপাচ্ছে ‘দৃশ্যম ৩’
দৃশ্যম ৩ সিনেমার একটি দৃশ্য। ছবি: এনডিটিভি

২১ মে মুক্তির পর থেকেই ভারতের বক্স অফিসে তুমুল ঝড় তুলেছে মোহনলাল অভিনীত বহুল প্রতীক্ষিত থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। রবিবার (২৪ মে) প্রেক্ষাগৃহগুলোতে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়, যার ফলে সিনেমাটির আয় বেড়েছে উল্লেখযোগ্য হারে। দর্শকদের ব্যাপক উন্মাদনা ও হাউসফুল শোয়ের ওপর ভর করে মুক্তির মাত্র ৪ দিনেই ভারতের বাজারে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৫৪ কোটি ৫৫ লাখ রুপিতে।

মুক্তির চতুর্থ দিনে অর্থাৎ রবিবারে সিনেমাটি একাই ব্যবসা করেছে প্রায় ১৩ কোটি ৯৫ লাখ রুপি। ভারতের বিভিন্ন প্রান্তের প্রেক্ষাগৃহগুলোতে দর্শকদের এ জোয়ার প্রমাণ করে, ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির আবেদন এখনো চলচ্চিত্রপ্রেমীদের মাঝে তুঙ্গে রয়েছে। সিনেমাটির এ ব্যবসায়িক সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান রাখছে এর মূল মালায়ালম সংস্করণটি। ভারতজুড়ে ৩ হাজার ১০০টিরও বেশি শো থেকে শুধু মালায়ালম সংস্করণটিই আয় করেছে প্রায় ১১ কোটি ৭৫ লাখ রুপি। পাশাপাশি তেলুগু, তামিল ও কন্নড় ভাষার সংস্করণগুলোও দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছে, যা কেরালার বাইরেও ছবিটির একটি শক্ত অবস্থান তৈরি করতে সাহায্য করেছে।

ছুটির দিনে তথা রবিবারে ভারতজুড়ে ৫ হাজার ২০০টিরও বেশি শোতে প্রদর্শিত হয়েছে ‘দৃশ্যম ৩’। বিভিন্ন শহরের মাল্টিপ্লেক্স ও একক প্রেক্ষাগৃহগুলোর সামনে দর্শকদের দীর্ঘ লাইন এবং 'হাউসফুল' বোর্ড ফ্র্যাঞ্চাইজিটির আকাশচুম্বী জনপ্রিয়তারই বহিঃপ্রকাশ। পরিচালক জিতু জোসেফ পরিচালিত টানটান উত্তেজনার থ্রিলারটির সবচেয়ে বড় বাজার হিসেবে আবারও নিজেকে প্রমাণ করেছে কেরালা। শুধু রবিবারেই রাজ্যটি থেকে সিনেমাটির ঝুলিতে এসেছে প্রায় ৯ কোটি ৭০ লাখ রুপি। কেরালার পরেই আয়ের দিক থেকে শক্ত অবস্থানে রয়েছে কর্নাটক। এছাড়া অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও তামিলনাড়ুর বক্স অফিসেও সিনেমাটির আয়ের ধারা ছিল বেশ স্থিতিশীল।

শুধু দেশের মাটিতেই নয়, আন্তর্জাতিক বাজারেও দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে ছবিটি। সব মিলিয়ে বিশ্বব্যাপী ‘দৃশ্যম ৩’-এর মোট বক্স অফিস কালেকশন ইতোমধ্যে ১৪১ কোটি ৩৪ লাখ রুপি ছাড়িয়ে গেছে। সিনেমাটিতে মূল চরিত্র 'জর্জকুট্টি' হিসেবে আবারও পর্দায় নিজের অভিনয় জাদু দেখিয়েছেন সুপারস্টার মোহনলাল। তার সঙ্গে এ সিক্যুয়েলে গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মীনা, আনসিবা হাসান, এস্থার অনিল, সিদ্দিক, মুরলী গোপী, বিজু মেনন ও কলাভবন শাজন।

/এমএকে/

সম্পর্কিত