শিরোনাম

মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ

বিনোদন ডেস্ক
মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ
নায়ক আসলাম তালুকদার মান্না। ছবি: সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে তিনি না ফেরার দেশে চলে যান। সময় পেরিয়ে গেছে প্রায় দেড় যুগ, তবুও তার জনপ্রিয়তা ও আবেগ আজও অটুট। প্রিয় এই অভিনেতাকে ভক্তরা আজও শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছেন।

১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার মাধ্যমে রূপালি জগতে পা রাখেন আসলাম তালুকদার মান্না। তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ‘পাগলি’ হলেও ১৯৯১ সালে ‘কাসেম মালার প্রেম’ দিয়ে দর্শকের নজরে আসেন। এরপর তিনি ‘দাঙ্গা’, ‘ত্রাস’, ‘আম্মাজান’, ‘লাল বাদশা’সহ তিন শতাধিক সিনেমায় অভিনয় করে নিজেকে ঢালিউডের নির্ভরযোগ্য নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেন।

অভিনয়ের পাশাপাশি মান্না প্রযোজক হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন। তার প্রযোজনা প্রতিষ্ঠানের হাত ধরে ‘লুটতরাজ’, ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’ এবং ‘আমি জেল থেকে বলছি’-এর মতো ব্যবসাসফল চলচ্চিত্র নির্মিত হয়। অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তিনবার মেরিল-প্রথম আলো পুরস্কার এবং পাঁচবার বাচসাস পুরস্কারে ভূষিত হয়েছেন।

ব্যক্তিগত জীবনে মান্না সহ-অভিনেত্রী শেলী কাদেরকে বিয়ে করেছিলেন। তাদের একমাত্র পুত্র সিয়াম ইলতিমাস মান্না। চলচ্চিত্রের পর্দায় তার শক্তিশালী উপস্থিতি আজও দর্শকের হৃদয়ে অমর হয়ে রয়েছে।

/জেএইচ/