শিরোনাম

কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমা হলে প্রদর্শনে বাধা নেই: হাইকোর্ট

বিনোদন ডেস্ক
কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমা হলে প্রদর্শনে বাধা নেই: হাইকোর্ট
'কন্ট্রাক্ট ম্যারেজ' সিনেমার পোস্টার। ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া

হাসান জাহাঙ্গীর পরিচালিত কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তিতে আর কোনো আইনি বাধা রইল না। চলচ্চিত্রটির সেন্সর সনদ বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি পরিচালনা করেন অ্যাডভোকেট নকিব সাইফুল ইসলাম।

এর আগে সিনেমাটির সেন্সর বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেছিলেন এর অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীর। মামলার বিবরণী থেকে জানা যায়, প্রায় দুই বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে এ প্রজেক্টের শুটিং সম্পন্ন হয়, যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী, জেবা জান্নাত ও স্বয়ং হাসান জাহাঙ্গীর। প্রাথমিকভাবে এটি নাটক হিসেবে নির্মিত হলেও পরবর্তীতে পরিচালক এটিকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে সেন্সর সার্টিফিকেশন বোর্ডে জমা দেন এবং বোর্ড তা অনুমোদন করে

তবে শুক্রবার (১৫ মে) সিনেমাটি দেশজুড়ে মুক্তির ঘোষণা দেওয়ার পর এতে তীব্র আপত্তি জানান প্রধান দুই অভিনেত্রী। জেবা জান্নাতের লিখিত অভিযোগের প্রেক্ষিতেই মূলত সিনেমাটির মুক্তির অনুমতি বাতিল করেছিল বোর্ড। এ প্রসঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি জানান, শুরুতে কোনো অভিযোগ না থাকায় চলচ্চিত্রটিকে সেন্সর ছাড়পত্র দেওয়া হয়েছিল। কিন্তু পরে জেবা জান্নাত লিখিতভাবে জানান কাজটির চুক্তি ছিল নাটকের জন্য, সিনেমার জন্য নয়।

একই ধরনের দাবি তুলে ক্ষোভ প্রকাশ করেন চিত্রনায়িকা মৌসুমীও। তার ভাষ্য, তিনি যুক্তরাষ্ট্রে মাত্র এক ঘণ্টার একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলেন, যা পরে টেলিফিল্ম করার কথা বলা হলেও সিনেমা হিসেবে মুক্তির প্রস্তুতি নেওয়া হয়। তবে অভিনয়শিল্পীদের এমন আপত্তির মুখে সেন্সর বাতিল করা হলেও, হাইকোর্টের সর্বশেষ আদেশের ফলে সিনেমাটি প্রদর্শনে এখন আর কোনো আইনি জটিলতা রইল না।

/এমএকে/