শিরোনাম

ডিসেম্বরে আসছে আফরান নিশোর ‘সুড়ঙ্গ ২’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
ডিসেম্বরে আসছে আফরান নিশোর ‘সুড়ঙ্গ ২’
‘সুড়ঙ্গ ২’ সিনেমার পোস্টার।

প্রথম কিস্তির ব্যবসায়িক সাফল্যের পরা এবার আসছে জনপ্রিয় অভিনেতা আফরান নিশো অভিনীত ‘সুড়ঙ্গ’ সিনেমার সিক্যুয়াল। বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতেছিল ‘সুড়ঙ্গ’। শুক্রবার (১২ জুন) বিকেলে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট প্রায় দেড় মিনিটের একটি ভিডিওর মাধ্যমে ‘সুড়ঙ্গ ২’ নির্মাণের খবরটি নিশ্চিত করেছে। দীর্ঘদিন ধরে চলা নানা গুঞ্জনের অবসান ঘটিয়ে জানানো হয়েছে, আগামী ডিসেম্বরেই বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত চলচ্চিত্রটি।

নির্মাতা রায়হান রাফী পরিচালিত নতুন কিস্তিটি আগের গল্পের ধারাবাহিকতা বজায় রেখেই আরও বড় ক্যানভাস, আধুনিক প্রযুক্তি এবং আন্তর্জাতিক মানের নির্মাণশৈলী নিয়ে দর্শকদের সামনে হাজির হবে। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম সিনেমার গল্প যেখানে শেষ হয়েছিল, ঠিক সেখান থেকেই শুরু হবে নতুন অধ্যায়। মানুষের ভেতরের অন্ধকার, আকাঙ্ক্ষা ও বেঁচে থাকার লড়াইকে এবার আরও গভীর ও বিস্তৃত পরিসরে বড় পর্দায় ফুটিয়ে তোলার প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা।

উল্লেখ্য ‘সুড়ঙ্গ’ সিনেমার হাত ধরে বড় পর্দায় রাজকীয় অভিষেক হয় আফরান নিশোর। তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ মাসুদ চরিত্রটি নিয়ে পুনরায় ফেরার ব্যাপারে দারুণ উচ্ছ্বসিত নিশো। নতুন গল্প ও নতুন চমক নিয়ে হাজির হওয়ার প্রত্যয় ব্যক্ত করে দর্শকদের সিনেমাটিকে কেবল সিক্যুয়াল হিসেবে না দেখে একটি নতুন সিনেম্যাটিক অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা। বর্তমানে ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ পুরোদমে চলছে এবং খুব শিগগিরই অন্যান্য কলাকুশলী ও শুটিংয়ের সময়সূচি প্রকাশ করা হবে।

/এমএকে/