শিরোনাম

বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত
জুলাই গণঅভ্যুত্থানে এবং সোমবার (৭ সেপ্টেম্বর) ইতালিতে আজমেরী হক বাঁধন। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলায় জড়িতদের মধ্যে পাঁচ জনের পরিচয় শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।

প্রতিষ্ঠানটি জানায়, হামলার বিভিন্ন ভিডিও দেখে জড়িতদের মধ্যে পাঁচ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের সবাই ইতালিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয়।

চব্বিশের গণঅভ্যুত্থানে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পরিচালিত হত্যাকাণ্ডের বিরুদ্ধে ও শিক্ষার্থীদের দাবি পক্ষে সোচ্চার ছিলেন অভিনেত্রী বাঁধন।

ভেনিসে একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে বর্তমানে ইতালিতে অবস্থান করছেন তিনি। গত সোমবার (৭ সেপ্টেম্বর) সেখানে তার ভাইয়ের সঙ্গে একটি পার্কে ঘুরতে গেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের হামলা ও হেনস্তার শিকার হন বাঁধন। এ ঘটনার বিভিন্ন ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশ-বিদেশে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহল থেকে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি ওঠে।

এ ঘটনা মনিরুল হাওলাদার নামের এক ফেসবুক ব্যবহারকারী লাইভ করেন। ওই লাইভের ক্যাপশনে লেখা ছিল, ‘জুলাই জঙ্গি আজমেরী হক বাঁধনকে আমরা উত্তম মাধ্যম দিয়েছি ভেনিসে, বাংলাদেশ ছাত্রলীগ, ইতালি শাখা।’

এই মনিরুলের বাড়ি বাংলাদেশের মাদারীপুর জেলায়। তিনি ছাত্রলীগের একটি ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে। চব্বিশের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দেশ ছেড়ে প্রথমে লিবিয়া এবং পরে ইতালিতে যান।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনার বিভিন্ন ভিডিও বিশ্লেষণ করে এ ঘটনায় জড়িত আরও কয়েকজনকে শনাক্ত করা গেছে।

ভিডিওতে এক ব্যক্তিকে বাঁধনের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে বারবার পানি ছুড়তে দেখা যায়। তার নাম শিপল মাহমুদ বিপ্লব। বাড়ি শরীয়তপুরে। তিনি ছাত্রলীগের কর্মী ছিলেন। বর্তমানে তিনি ইতালির ভেনিস শাখা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত রয়েছেন বলে জানা গেছে।

এ সময় বাঁধনকে থাপ্পড় দেওয়ার চেষ্টা করেন এক ব্যক্তি। আঘাত লাগে অভিনেত্রীর হাতে। তখন তার হাত থেকে মুঠোফোন পড়ে যায়। ওই ব্যক্তির নাম ইলিয়াস মিয়া। বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায়। সামাজিকমাধ্যমে ইতালির ভেনিস শাখা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে ইলিয়াসের উপস্থিতির একাধিক ছবি পাওয়া গেছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে বাঁধনকে একাধিকবার শাসাতে দেখা যায় কয়েকজনকে। তাদের একজন আলতাফ পাহাড়। বাড়ি শরীয়তপুরে। তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে তিনি ইতালির ভেনিসে যুবলীগের সঙ্গে যুক্ত রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে এ ঘটনার শেষ দেখে ছাড়বেন বলে জানিয়েছেন বাঁধন। তিনি বলেন, ‘আমি কেস ফাইল না করে ভেনিস থেকে বাংলাদেশে আসছি না। এটার শেষ আমি দেখে ছাড়ব।’

/জেএইচ/