শিরোনাম

অভিনেত্রী বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয় অপরাধ: সংসদে ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অভিনেত্রী বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয় অপরাধ: সংসদে ডেপুটি স্পিকার
(বাঁ থেকে) সংসদ অধিবেশনে কথা বলছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী। ছবি: ভিডিও থেকে নেওয়া

ইতালির ভেনিসে চিত্রনায়িকা আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনাকে ‘অমার্জনীয় ও নিন্দনীয় অপরাধ’ বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদে এ মন্তব্য করেন তিনি।

এর আগে, গতকাল সোমবার রাতে ইতালির একটি পার্কে বাঁধনের ওপর হামলা চালায় ‘আওয়ামী লীগ সমর্থক’ কয়েকজন প্রবাসী। এ সময় হামলাকারীরা বাঁধনের ওপর কোল্ড ড্রিংকস ও পানি ছুড়ে মারে এবং শারীরিক ও মৌখিকভাবে হেনস্তা করে।

এ ঘটনায় আজ (মঙ্গলবার) সংসদে অধিবেশনে প্রতিবাদ জানান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী। পাশাপাশি, ঘটনায় ইতালি সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের উদ্যোগ জানতে চান তিনি।

পয়েন্ট অর্ডারে দাঁড়িয়ে জহরত আদিব চৌধুরী বলেন, বিষয়টি হয়তো পয়েন্ট অব অর্ডারের মধ্যে পড়ে না। কিন্তু এটি বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী একটি বিষয়।

তিনি বলেন, বাংলাদেশের একজন গুণী অভিনেত্রী আজমেরী হক বাঁধন চলচ্চিত্রসংক্রান্ত একটি অনুষ্ঠানে অংশ নিতে ইতালির ভেনিসে গিয়েছিলেন। সেখানে বাঁধন পরিবারের সদস্য ও ছোট সন্তানকে নিয়ে একটি পার্কে হাঁটছিলেন। এ সময় তাকে শারীরিকভাবে আক্রমণ ও মৌখিকভাবে হেনস্তা করা হয়েছে। অত্যন্ত খারাপ ভাষায় তার সঙ্গে কথা বলা হয়েছে। এর পেছনে একমাত্র কারণ, তিনি একজন ‘জুলাই যোদ্ধা’ এবং ২৪ জুলাইয়ের আন্দোলনের সময় বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিলেন।

জহরত আদিব চৌধুরী বলেন, একজন নারী ও দেশের পক্ষে অবস্থান নেওয়া একজন শিল্পীর ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা এ ঘটনা ঘটিয়েছে, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের যে ঔদ্ধত্য দেখিয়েছে, তাতে মনে হচ্ছে বাংলাদেশে না থাকলেও পৃথিবীর যেকোনও জায়গায় তারা আইনশৃঙ্খলা ভঙ্গ করতে পারবে এবং একজন নারীর ওপর হামলা চালাতে পারবে।

তিনি বলেন, ঘটনার ২৪ ঘণ্টা পার না হতেই সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হয়েছে। এখন তিনি জানতে চান, পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছে এবং ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের সঙ্গে যোগাযোগ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার উদ্যোগ কীভাবে নেওয়া হচ্ছে। সংসদ এবং দেশের জনগণও এবিষয়ে জানতে চায়।

এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ওই ঘটনা অমার্জনীয় ও নিন্দনীয় অপরাধ। মানবতার বিরুদ্ধে অপরাধ। এতে নির্মমতার চরম বহিঃপ্রকাশ ঘটেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের পদক্ষেপ এ সংসদ ও জাতি জানতে চায়।

তিনি আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কাউকে সংসদে দেখা যাচ্ছে না। পররাষ্ট্র প্রতিমন্ত্রীদের একজন বা দুজন যখনই সংসদে আসবেন, তাদের বক্তব্য শোনা হবে।

/এফআর/