মুক্তির আগেই ‘রামায়ণ’-এর বাজিমাত

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
মুক্তির আগেই ‘রামায়ণ’-এর বাজিমাত
‘রামায়ণ’ সিনেমার পোষ্টার

প্রেক্ষাগৃহে মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে ব্যাপক সাড়া ফেলেছে রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত ‘রামায়ণ’। আগামী ৫ নভেম্বর প্রথম পর্ব মুক্তির কথা থাকলেও ছবিটির প্রথম দিনের প্রদর্শনীর টিকিট বিক্রি থেকেই আয় ছাড়িয়েছে ১০ কোটি ৫০ লাখ রুপি। দর্শকদের আগাম বুকিংয়ের পাশাপাশি আলোচনায় উঠে এসেছে টিকিটের চড়া দাম। মুম্বাইয়ের কয়েকটি প্রেক্ষাগৃহে বিশেষ আসনের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৩ হাজার ১৭০ রুপি।

ভারতীয় বাণিজ্য বিশ্লেষণভিত্তিক তথ্য অনুযায়ী, ২৪ অক্টোবর পর্যন্ত ছবিটির প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি থেকে মোট আয় হয়েছে ১০ কোটি ৫০ লাখ রুপি। তবে সংরক্ষিত ও ব্লক করা আসনের হিসাব বাদ দিলে প্রকৃত বুকিং থেকে আয়ের পরিমাণ দাঁড়ায় ৬ কোটি ১৫ লাখ রুপি। এতে মুক্তির আগেই ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহের প্রতিফলন দেখা যাচ্ছে।

অগ্রিম টিকিট বিক্রির ক্ষেত্রে দিল্লি ও আশপাশের এলাকাগুলোতে তুলনামূলক বেশি চাহিদার খবর পাওয়া গেছে। যদিও বুকিংয়ের সময়সীমা এবং হিসাব গণনার পদ্ধতিতে ভিন্নতা থাকায় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত আয়ের পরিসংখ্যানে কিছু পার্থক্য রয়েছে।

মুম্বাইয়ের কয়েকটি সিনেমা হলে ৫ থেকে ৭ নভেম্বরের প্রদর্শনীর জন্য রিক্লাইনার আসনের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ১৭০ রুপি। অন্যদিকে, সাধারণ আসনের টিকিটের মূল্য তুলনামূলক কম। হল, আসনের ধরন এবং প্রদর্শনীর সময় অনুযায়ী টিকিটের দামে ভিন্নতা রয়েছে।

নীতেশ তিওয়ারির পরিচালনায় নির্মিত ‘রামায়ণ’ -এ রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী এবং রাবণের চরিত্রে দেখা যাবে যশকে। ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রের প্রথম পর্ব ৫ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

মুক্তির আগেই অগ্রিম বুকিং থেকে উল্লেখযোগ্য আয় এবং বিশেষ আসনের উচ্চমূল্য-দুই বিষয় মিলিয়ে ছবিটি নিয়ে বাণিজ্যিক প্রত্যাশা আরও জোরালো হয়েছে। এখন প্রেক্ষাগৃহে মুক্তির পর এই আগাম আগ্রহ দর্শক উপস্থিতি ও বক্স অফিসের আয়ে কতটা প্রতিফলিত হয়, সেটিই দেখার বিষয়।

/এসবি/