শিরোনাম

বিয়ে নয়, ভিন্ন যে কারণে ইসলাম গ্রহণ করেছিলেন ভারতীয় এই অভিনেত্রী

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
বিয়ে নয়, ভিন্ন যে কারণে ইসলাম গ্রহণ করেছিলেন ভারতীয় এই অভিনেত্রী
দীপিকা কাকর। ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কাকর ২০১৮ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার এই ধর্মান্তর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানান আলোচনা ও সমালোচনা তৈরি হয়। অনেকে মনে করেন, অভিনেতা শোয়েব ইব্রাহিমকে বিয়ে করার জন্যই দীপিকা ইসলাম গ্রহণ করেছেন। তবে দীর্ঘদিন পর সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন এই তারকা দম্পতির সাবেক সহশিল্পী ও জ্যেষ্ঠ অভিনেত্রী জয়তী ভাটিয়া।

এক সাক্ষাৎকারে ‘সসুরাল সিমর কা’ ধারাবাহিকখ্যাত অভিনেত্রী জয়তী ভাটিয়া প্রকাশ করেছেন দীপিকার ধর্মান্তরিত হওয়ার আসল কারণ। জনপ্রিয় উপস্থাপক সিদ্ধার্থ কান্নানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বিষয়টিকে যতটা সরলীকৃত করে দেখানো হয়, ঘটনাটি আসলে তা নয়। এর পেছনে ছিল দীপিকার একটি গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা।

জয়তী জানান, ‘সসুরাল সিমর কা’ নাটকের প্রথম মৌসুমের কাজ করার সময় দীপিকা ও শোয়েবের প্রেমের সম্পর্ক তৈরি হয়। দীপিকা যেকোনো কাজেই নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করেন এবং শোয়েবের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও তিনি শতভাগ সৎ ছিলেন। তবে তার ধর্ম পরিবর্তনের সিদ্ধান্তটি বিয়ের শর্ত বা প্রভাবে নেওয়া হয়নি।

একবার ব্যক্তিগত আলাপে জয়তী বিষয়টি নিয়ে দীপিকার কাছে সরাসরি জানতে চেয়েছিলেন। জবাবে দীপিকা স্পষ্ট করেন যে, আজমীর শরিফ দরগাহে যাওয়ার পর তার জীবনে এক আমূল পরিবর্তন আসে। সেসময় জীবনের একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলেন এই অভিনেত্রী। দরগাহ প্রাঙ্গণে প্রার্থনার পর তিনি এক অপূর্ব আত্মিক শান্তি ও শক্তি অনুভব করেন। সেই মুহূর্তেই তিনি উপলব্ধি করেন যে এটিই তাঁর জন্য সঠিক পথ। এই উপলব্ধি থেকেই পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন।

ইসলাম গ্রহণের পর দীপিকা স্বামীর পরিবারের কাছে নতিস্বীকার করেছেন—নেটিজেনদের এমন সমালোচনারও জবাব দেন জয়তী। তিনি বলেন, “তাদের সম্পর্কে কোনো বৈষম্য নেই। তারা সবসময় একে অপরের সমান পাশে দাঁড়িয়েছেন। দীপিকার অসুস্থতার সময়ে যেমন শোয়েব তাঁকে আগলে রেখেছেন, তেমনি বছরের পর বছর ধরে দীপিকাও শোয়েবের পরিবারকে সমানভাবে সমর্থন দিয়েছেন।”

উল্লেখ্য, জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস ১২’-এর বিজয়ী দীপিকা কাকর ২০১৮ সালে শোয়েব ইব্রাহিমকে বিয়ে করেন। তাদের ঘরে রুহান নামের একটি সন্তান রয়েছে। বর্তমানে ক্যানসার আক্রান্ত এই অভিনেত্রী চিকিৎসাধীন রয়েছেন এবং তার সুস্থতার নানা আপডেট ‘দীপিকা কি দুনিয়া’ নামের ইউটিউব ব্লগের মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন।

এবি