টাইগারের আগে নিশানায় ছিলেন সালমান, আমির ও ইমরান হাশমি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
টাইগারের আগে নিশানায় ছিলেন সালমান, আমির ও ইমরান হাশমি
টাইগার শ্রফ, সালমান খান, আমির খান এবং ইমরান হাশমি। কোলাজ: সিটিজেন জার্নাল গ্রাফিক্স

সম্প্রতি বলিউড অভিনেতাদের লক্ষ্য করে গুলি ও হুমকির ঘটনা ঘটছে। সালমান খান, দিশা পাটানির পর সম্প্রতি জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এটা নিয়ে জোর তদন্ত চলছে। এই তদন্তের কল্যাণে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, টাইগারকে নিশানা করার আগে সালমান খান, আমির খান ও ইমরান হাশমির বাড়িতে নজরদারি চালানোর নির্দেশ পেয়েছিলেন অভিযুক্তরা। তবে তাদের বাড়ি খুঁজে বের করতে ব্যর্থ হয়। এরপর টাইগারকে লক্ষ্যবস্তু করার সিদ্ধান্ত নেওয়া হয়। তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

এতে বলা হয়, মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের তদন্তে উঠে এসেছে, অভিযুক্তরা প্রথমে সালমান খানের বাড়িতে নজরদারি চালায়। এরপর তাদের আমির খানের বাড়ি খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়। তবে আমির দক্ষিণ মুম্বাইয়ে চলে যাওয়ায় তার বাড়ির অবস্থান জানতে পারেনি অভিযুক্তরা।

এক তদন্ত কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, সালমান বরাবরই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় ছিলেন। অভিনেতা আমির খানের বাড়িতেও নজরদারি চালায় তারা। তবে তিনি যে দক্ষিণ মুম্বাইয়ে চলে গেছেন, তা তারা জানত না। ফলে তাকে খুঁজে পায়নি।

এরপর ইমরান হাশমির বাড়িতে নজরদারি চালানোর নির্দেশ পায় তারা। সেই মোতাবেক ওই এলাকায় খোঁজখবর নিলেও ইমরানের বাড়ি শনাক্ত করতে পারেনি তারা। শেষ পর্যন্ত টাইগার শ্রফকে নিশানা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

পুলিশের ওই কর্মকর্তা জানান, পরে সামাজিক মাধ্যমে টাইগার শ্রফের রিলস দেখে তাকে নিশানা করার সিদ্ধান্ত নেয় অভিযুক্তরা। সেখান থেকে তারা জানতে পারে, প্রতি রবিবার ফুটবল খেলতে জুহুর পুষ্প নারসি গ্রাউন্ডে যান টাইগার।

গত ১৮ অক্টোবরের ওই ঘটনায় অল্পের জন্য গুলিবিদ্ধ হওয়া থেকে রক্ষা পান এই অভিনেতা। তবে গুলির আঘাতে আহত হন তার গাড়িচালক ও আরেক ব্যক্তি। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/জেএইচ/