শিরোনাম

গানে গানে সিডনি মাতালেন রূপঙ্কর

সৌমিক বসু, সিডনি থেকে
সৌমিক বসু, সিডনি থেকে
গানে গানে সিডনি মাতালেন রূপঙ্কর
অস্ট্রেলিয়ার সিডনি শহরের পাইওনিয়ার থিয়েটারে সম্প্রতি সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়। এতে গান পরিবেশন করেন ভারতীয় বাঙালি সংগীতশিল্পী রূপঙ্কর বাগচী। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

কলকাতার এক টুকরো সুরের অনুরণন এসে পৌঁছেছিল অস্ট্রেলিয়ার সিডনি শহরে। প্রখ্যাত ভারতীয় বাঙালি সংগীতশিল্পী রূপঙ্কর বাগচীর কণ্ঠে একের পর এক হৃদয়ছোঁয়া গান। সঙ্গে স্মৃতিচারণ ও সহজ-সরল আড্ডা-সব মিলিয়ে নস্টালজিয়া, আবেগ ও সুরের এক অপূর্ব মেলবন্ধন। সিডনির বিগ বি মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট এই সংগীত সন্ধ্যার আয়োজন করে। এর মিডিয়া পার্টনার ছিল বাংলাদেশের অন্যতম অনলাইন নিউজ পোর্টাল সিজেডএন টোয়েন্টিফোর।

সম্প্রতি সিডনির ক্যাসল হিলের পাইওনিয়ার থিয়েটারে এই সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়। প্রায় তিন দশকের সংগীতজীবন রূপঙ্কর বাগচীর। পাশাপাশি থিয়েটার ও ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি।

গানে গানে ফিরে দেখা

রূপঙ্কর বাগচীর সংগীতের সবচেয়ে বড় আকর্ষণ সম্ভবত তাঁর বহুমাত্রিকতা। রবীন্দ্রসংগীত থেকে আধুনিক বাংলা গান, চলচ্চিত্রের গান, লোকগীতি থেকে গজলসহ নব ধাঁচের গানেই পারদর্শী তিনি। সিডনির মঞ্চেও তার রেশ রেখে গেলেন তিনি।

অস্ট্রেলিয়ার সিডনি শহরের পাইওনিয়ার থিয়েটারে গান পরিবেশন বরছেন ভারতীয় বাঙালি সংগীতশিল্পী রূপঙ্কর বাগচী। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর
অস্ট্রেলিয়ার সিডনি শহরের পাইওনিয়ার থিয়েটারে গান পরিবেশন বরছেন ভারতীয় বাঙালি সংগীতশিল্পী রূপঙ্কর বাগচী। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

শুরুতে তিনি পরিবেশন করেন ‘হেমলক সোসাইটি’ সিনেমার ‘কতবার তোর বাড়ি গিয়ে ফিরে এলাম’ গানটি। এরপর একে একে ‘তোমার টানে সারা বেলার গানে’, ‘চলে এসো আজ এ রাতে’, ‘ও চাঁদ’, ‘সহসা এলে কি’, ‘এ তুমি কেমন তুমি’, ‘চুপি চুপি রাত’ ও ‘গভীরে যাও’সহ বিভিন্ন জনপ্রিয় গান পরিবেশন করেন।

অস্ট্রেলিয়ার সিডনি শহরের পাইওনিয়ার থিয়েটারে সম্প্রতি সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভারতীয় বাঙালি সংগীতশিল্পী রূপঙ্কর বাগচীর হাতে উপহার তুলে দেওয়া হয়। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর
অস্ট্রেলিয়ার সিডনি শহরের পাইওনিয়ার থিয়েটারে সম্প্রতি সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভারতীয় বাঙালি সংগীতশিল্পী রূপঙ্কর বাগচীর হাতে উপহার তুলে দেওয়া হয়। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

শিল্পীর দীর্ঘ সংগীতজীবনের বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতার কথাও উঠে আসে অনুষ্ঠানে। গানগুলোর ফাঁকে তার অনাড়ম্বর কথোপকথন ও নানা ঘটনার স্মৃতিচারণ শ্রোতাদের সঙ্গে শিল্পীর দূরত্ব আরও কমিয়ে দেয়।

অনুষ্ঠানে দেশাত্মবোধক গানও পরিবেশন করেন রূপঙ্কর। সম্প্রতি মুক্তি পাওয়া ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ চলচ্চিত্রের ‘জাগো দেশ’ এবং কাজী নজরুল ইসলামের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গান দুটির পর কবীর সুমনের ‘ও গানওয়ালা’ গানটিও পরিবেশন করেন তিনি।

অস্ট্রেলিয়ার সিডনি শহরের পাইওনিয়ার থিয়েটারে গান পরিবেশন করছেন ভারতীয় বাঙালি সংগীতশিল্পী রূপঙ্কর বাগচী। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর
অস্ট্রেলিয়ার সিডনি শহরের পাইওনিয়ার থিয়েটারে গান পরিবেশন করছেন ভারতীয় বাঙালি সংগীতশিল্পী রূপঙ্কর বাগচী। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

‘ভোকাট্টা তোমার ভালোবাসা’ গান দিয়ে শেষ করের বিশেষ এই সংগীত সন্ধ্যা। গানটির মাধ্যমে প্রেম, বিচ্ছেদ ও জীবনের নানা বাঁকের প্রতীকী অনুভূতিও যেন উঠে আসে।

গানের পাশাপাশি অনুষ্ঠানে দর্শকদের জন্য ছিল বাঙালি খাবারের আয়োজন। ক্যাটারিং স্পন্সর হিসেবে ফুসকা হাউসের উদ্যোগে সিঙ্গারা, ডালপুরি ও চাসহ বিভিন্ন খাবার পরিবেশন করা হয়। মূল খাবারের তালিকায় ছিল চিকেন টিক্কা, কাচ্চি বিরিয়ানি ও চিকেন টিক্কা বিরিয়ানি।

পাইওনিয়ার থিয়েটারের এই আয়োজনের মধ্য দিয়ে সিডনির প্রবাসী বাঙালিরা এক সন্ধ্যায় বাংলা গান, পুরোনো দিনের স্মৃতি ও বাঙালি খাবারের স্বাদ উপভোগ করেন।

/বিবি/