পূজার সাজে মুগ্ধতা ছড়ালেন জয়া

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
পূজার সাজে মুগ্ধতা ছড়ালেন জয়া
অভিনেত্রী জয়া আহসান

বছর ঘুরে আবারও এলো সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। শারদীয় উৎসবের আবহের ঐতিহ্যবাহী সাজে নিজেকে উপস্থাপন করে ভক্তদের মুগ্ধ করলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

শুক্রবার (১৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশ করেন তিনি। উৎসবের আমেজে বাঙালির চিরচেনা সাজে ধরা দিয়ে ভক্তদের শারদীয় শুভেচ্ছা জানালেন জয়া আহসান।

ভিডিওতে জয়ার পরনে দেখা গেছে অফহোয়াইট শাড়ি, যার পাড়জুড়ে রয়েছে গোলাপি রঙের নকশা। শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ, ভারী কানের দুল ও হাতে অলংকার তার সাজে যোগ করেছে বাড়তি আকর্ষণ। চুলে বেলি ফুলের গাজরা যেন পুরো সাজে এনেছে বাঙালিয়ানার ছোঁয়া।

ভিডিওজুড়ে জয়া আহসানের নানা অভিব্যক্তি ও সাবলীল ভঙ্গি সহজেই নজর কাড়ে। কখনো শাড়ির আঁচল গুছিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন, কখনো মায়াবী হাসিতে মুগ্ধ করেছেন দর্শকদের। আবার চুলে গোঁজা ফুল ঠিক করার মুহূর্তেও ধরা দিয়েছেন ভিন্ন ভিন্ন রূপে। তার পুরো সাজ ও উপস্থিতিতে ফুটে উঠেছে উৎসবের আমেজ, বাঙালি ঐতিহ্য এবং আভিজাত্যের অনন্য মেলবন্ধন।

ভিডিওটির আবহকে আরও আকর্ষণীয় করে তুলেছে পুরোনো দিনের বাংলা গান ‘তোমারই আছি’। গানের সুর আর জয়ার স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি মিলিয়ে তৈরি হয়েছে স্মৃতিকাতর এক পরিবেশ। সব মিলিয়ে তার এই উপস্থিতি ভক্তদের মনে বাড়তি ভালো লাগা তৈরি করেছে।

ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেন, উৎসব থাকুক চোখের তারায়, হাসিতে আর গল্পে; সবাইকে শারদীয়া শুভেচ্ছা।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই পোস্টে নানা প্রতিক্রিয়ার পাশাপাশি ভালোবাসা প্রকাশ করছেন ভক্ত-অনুরাগীরা।

/এসবি/