শিরোনাম

শিল্পকলায় চলচ্চিত্র উৎসব, দেখা যাবে ৬ সিনেমা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শিল্পকলায় চলচ্চিত্র উৎসব, দেখা যাবে ৬ সিনেমা
চলচ্চিত্র উৎসবের ৬টি সিনেমা প্রদর্শিত হবে। কোলাজ: সিজেডএন গ্রাফিক্স

নতুন ও পুরনো দিনের আলোচিত ৬টি বাংলা চলচ্চিত্র নিয়ে তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ‘চলচ্চিত্র উৎসব: একাল-সেকাল’ শিরোনামের এ আয়োজন শুরু হবে রবিবার (৯ আগস্ট)।

রাজধানীর জাতীয় চলচ্চিত্র মিলনায়তনে অনুষ্ঠিতব্য এ উৎসবের প্রতিপাদ্য ‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প-সংস্কৃতি’। দর্শকরা বিনামূল্যে সব প্রদর্শনী দেখতে পারবেন।

প্রথম দিন: ‘রইদ’ ও ‘জীবন থেকে নেয়া’

৯ আগস্ট বিকাল ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের পর্দা উঠবে। সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে মেজবাউর রহমান সুমন পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘রইদ’। কোরবানির ঈদে মুক্তির পর দেশ-বিদেশে প্রশংসা পাওয়া সিনেমাটিতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।

এদিন রাত ৮টায় প্রদর্শিত হবে জহির রায়হান পরিচালিত কালজয়ী চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’। এতে অভিনয় করেছেন রাজ্জাক, সুচন্দা, রোজী সামাদ, খান আতাউর রহমান, রওশন জামিল ও আনোয়ার হোসেনসহ দেশের খ্যাতিমান শিল্পীরা।

দ্বিতীয় দিন: ‘আবার তোরা মানুষ হ’ ও ‘মাস্তুল’

সোমবার (১০ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় প্রদর্শিত হবে খান আতাউর রহমান পরিচালিত ‘আবার তোরা মানুষ হ’। মুক্তিযুদ্ধ-পরবর্তী ঘটনা নিয়ে নির্মিত এ চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, ববিতা, ফারুক, সরকার ফিরোজ ও খান আতাউর রহমান।

এরপর রাত ৮টায় দেখানো হবে মোহাম্মদ নূরুজ্জামান নির্মিত চলচ্চিত্র ‘মাস্তুল’। এতে প্রধান অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসানসহ আরও অনেকে।

শেষ দিন: ‘দুই পয়সার আলতা’ ও ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

মঙ্গলবার (১১ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় থাকছে আমজাদ হোসেন পরিচালিত ‘দুই পয়সার আলতা’। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন শাবানা, রাজ্জাক, নূতন, আনোয়ারা, প্রবীর মিত্র প্রমুখ।

রাত ৮টায় সমাপনী প্রদর্শনী হিসেবে দেখানো হবে আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাস, আখতারুজ্জামান আজাদ, চয়ন, আবু সাঈদ, এসএ জীবন ও মেহেদে হাসান সোহান।

চলচ্চিত্র উৎসবের সহযোগিতায় রয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। আয়োজনটি বাস্তবায়ন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ।

/এফসি/