শিরোনাম

সিনেমার নাম নিয়ে সমালোচনা, হুমকির মুখে অভিনেতা

বিনোদন ডেস্ক
সিনেমার নাম নিয়ে সমালোচনা, হুমকির মুখে অভিনেতা
অভিনেতা মনোজ বাজপেয়ী।

হিন্দি ওয়েব সিরিজ ‘ফ্যামিলি ম্যান’ ও ‘গ্যাংস অফ ওয়াসিপুর’ দিয়ে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেন ভারতীয় অভিনেতা মনোজ বাজপেয়ী। শোনা যাচ্ছে, এবার বলিউডে একটি নতুন সিনেমা আসছে তার। কিন্তু সিনেমাটির নাম নিয়ে হুমকির মুখে অভিনেতা, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

তার নতুন সিনেমার নাম ‘ঘুষখোর পণ্ডিত’। নাম ঘোষণার পর তীব্র সমালোচনার মুখে পড়েন অভিনেতা ও সিনেমার কলাকুশলীরা। চলতি বছরের শুরুতে ছবির নাম প্রকাশ্যে আসার পর ভারতের উত্তর প্রদেশের লখনউয়ে পরিচালক নীরজ পাণ্ডে ও নির্মাতাদের বিরুদ্ধে একটি মামলাও করা হয়েছে।

অবশেষে এই বিতর্ক ও হুমকি নিয়ে মুখ খুলেছেন মনোজ বাজপেয়ী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, সিনেমার নাম নিয়ে সৃষ্ট বিতর্ক এত বড় আকার ধারণ করবে, তা আমি কল্পনাও করেননি। এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হয়েছি। এমন কী বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছে, যা আমাকে ব্যথিত করেছে।

পুরো বিষয়টি না জেনেই মানুষ যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই অভিনেতা বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ ভীষণ অধৈর্য হয়ে পড়েছে। না জেনেই মতামত দিতে ব্যস্ত থাকেন। না জেনে মন্তব্য করা কখনো মানায় না।

মূলত ‘পণ্ডিত’ শব্দটিকে দুর্নীতির সঙ্গে জুড়ে দিয়ে একটি বিশেষ সম্প্রদায়কে অবমাননা করা হয়েছে বলে অভিযোগ উঠে। বলা হয়, এই নাম সামাজিক সম্প্রীতি নষ্ট করতে পারে এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত হানতে পারে।

নাম পরিবর্তনের বিষয়ে মনোজ বাজপেয়ী বলেন, নাম বদলানো খুব বড় কোনো বিষয় নয়। সৃজনশীল মানুষ চাইলে এমন আরও ১০টি আকর্ষণীয় নাম সৃষ্টি করতে পারেন।

/এসআর/