ছাত্রদল নেতা হত্যা: পুলিশ হেফাজতে বিএনপির এমপির ছেলে

নাটোর সংবাদদাতা
নাটোর সংবাদদাতা
ছাত্রদল নেতা হত্যা: পুলিশ হেফাজতে বিএনপির এমপির ছেলে
পুলিশ হেফাজতে এমপির ছেলে নুরুজ্জামান মিন্টু এবং (ইনসেটে) নিহত ছাত্রদল নেতা শাকিল ইসলাম

ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আজিজুর রহমান আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল সোমবার রাতে ঢাকা চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম। তার মৃত্যুর পরেই মিন্টুকে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং তাকে জিজ্ঞাসাবাদও চলমান রয়েছে।

নুরুজ্জামান মিন্টু গুরুদাসপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।

এদিকে, ছাত্রদল নেতা শাকিল ইসলামের মৃত্যুর খবরে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার হত্যার বিচার ও দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবিতে গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, শাকিল হত্যা মামলায় নুরুজ্জামান মিন্টুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এ ঘটনায় তার সংশ্লিষ্টতা সম্পর্কে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে, গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় চাঁচকৈড় বাজার থেকে ফেরার পথে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন ছাত্রদল নেতা শাকিল ইসলাম। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে তাকে রাজশাহী ও পরে ঢাকার বাংলাদেশ মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল রাত সোয়া আটটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শাকিল ইসলাম গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় কাচারিপাড়া মহল্লার রবিউল করিম মিস্ত্রির ছেলে এবং নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব।

এ ঘটনায় গত ১৯ অক্টোবর শাকিলের বাবা রবিউল করিম থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করা হয়েছে।

/এফআর/