অনেক কাজ করা বাকি: পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
অনেক কাজ করা বাকি: পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি
ইয়ামি গৌতম

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইয়ামি গৌতম। ‘আর্টিকেল ৩৭০’ সিনেমায় অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়ান এই অভিনেত্রী। এবার তার ক্যারিয়ারে আরও একটি সাফল্য যুক্ত হলো। সিনেমাটির জন্য ক্যারিয়ারের প্রথম ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ পেয়েছেন তিনি। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সেরা অভিনেত্রী বিভাগে এই মর্যাদাপূর্ণ সম্মাননা গ্রহণ করেন তিনি।

পুরস্কার গ্রহণের পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অনেকটা আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। ক্যারিয়ারের এই ঐতিহাসিক মুহূর্তটি এখনো পুরোপুরি উপলব্ধি করার চেষ্টা করছেন বলে জানান ইয়ামি।

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ ইয়ামি গৌতমের
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ ইয়ামি গৌতমের

অভিনেত্রীর ভাষ্য, ‘আমি এখনো মুহূর্তটি নিজের ভেতরে ধারণ করার চেষ্টা করছি। যেকোনো শিল্পীর জন্য এটি অত্যন্ত গর্ব ও সম্মানের বিষয়। আর যারা স্বপ্ন নিয়ে এই মায়ানগরীতে আসেন, তাদের সবার পক্ষ থেকেই আমি কথাটা বলছি। জীবন আপনার জন্য কখন কী জমা করে রেখেছে, তা কেউ আগে থেকে বলতে পারে না।’

তিন আরও বলেন, ‘আপনি কেবল সততা দিয়ে পরিশ্রম করেন, ভালো কাজ করে যান- কোনো না কোনো দিন তার প্রতিফলন ঘটবেই। আমি ক্যারিয়ারে কতদূর পৌঁছাতে পেরেছি, তা জানি না, তবে আমার এই যাত্রায় এখনো অনেক কিছু শেখা বাকি আছে। অনেক কাজ করা বাকি আছে।’

ইয়ামি বলেন, ‘এমন একটি ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে এমন বিশাল সম্মান পাওয়া সত্যিই অত্যন্ত গর্বের বিষয়।’

প্রসঙ্গত, ‘আর্টিকেল ৩৭০’ সিনেমাটি পরিচালনা করেছেন আদিত্য সুহাস জাম্বাল। আর গল্প ও চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে- আদিত্য ধর, মোনাল থাক্কার ও অর্জুন ধাওয়ান। ছবিতে ইয়ামি গৌতমের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা মণি, স্কন্দ ঠাকুর, অশ্বিনী কাউল, বৈভব ততোয়াদী, অরুণ গোভিল এবং কিরণ কর্মকার।

/জেএইচ/