শিরোনাম

ইনবক্সে আপত্তিকর ছবি দেখে হতবাক ভারতীয় অভিনেত্রী

বিনোদন ডেস্ক
ইনবক্সে আপত্তিকর ছবি দেখে হতবাক ভারতীয় অভিনেত্রী
অভিনেত্রী পুনম দাশগুপ্ত। ছবি: সংগৃহীত

হোয়াটসঅ্যাপের ইনবক্সে নিজের আপত্তিকর ও অশ্লীল ছবি দেখে মানসিক হেনস্তার শিকার হয়েছেন বলিউডের প্রবীণ বাঙালি অভিনেত্রী পুনম দাশগুপ্ত। অজ্ঞাত নম্বর থেকে আসা এসব কুরুচিপূর্ণ বার্তার প্রতিকার চেয়ে সম্প্রতি মুম্বাইয়ের ওশিওয়ারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে।

তদন্ত সূত্রে জানা গেছে, সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় অপরিচিত একটি নম্বর থেকে অভিনেত্রীর ফোনে বেশ কিছু নগ্ন ছবি ও ভিডিও পাঠানো হয়। আকস্মিক এ ঘটনায় হতবাক হয়ে পুনম তার স্বামীর সঙ্গে আলোচনা করেন এবং বুধবার (২৯ এপ্রিল) পুলিশের দ্বারস্থ হন। পুলিশ অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে তার অবস্থান শনাক্তের চেষ্টা চালাচ্ছে। ঘটনার বর্ণনা দিতে গিয়ে অভিনেত্রী জানান, ছবিগুলো পাওয়ার পর তিনি ফিরতি কল করার চেষ্টা করলেও কেউ তা রিসিভ করেনি, ফলে পরবর্তীতে তিনি নম্বরটি ব্লক করে দেন। অভিনেত্রীর দাবি, পাঠানো ছবিগুলোর মধ্যে এমন কিছু কন্টেন্ট রয়েছে যা সাধারণত ইন্টারনেটে পাওয়া যায় না। এতে তার সন্দেহ জেগেছে, পরিচিত কেউ তাকে মানসিকভাবে বিপর্যস্ত করার হীন উদ্দেশ্যেই এ কাজ করে থাকতে পারে।

গণমাধ্যমকে পুনম বলেন, পেশাগত কারণে মাঝেমধ্যে অশালীন মেসেজ আসলেও এবারের ঘটনাটি সব সীমা ছাড়িয়ে গিয়েছে। এ ধরনের কুরুচিপূর্ণ আচরণের শিকার তিনি আগে কখনও হননি। উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা ৫৮ বছর বয়সী অভিনেত্রী নব্বইয়ের দশকে হিন্দি, তামিল ও কন্নড় ছবিতে নিয়মিত অভিনয় করেছেন। বিশেষ করে হরর ও থ্রিলারধর্মী কাজের জন্য তিনি দর্শকদের কাছে বেশ পরিচিত। বর্তমানে তিনি টেলিভিশন নাটকেও নিয়মিত অভিনয় করছেন।

/এমএকে/