২৯ অক্টোবর কি এইচএসসির ফল প্রকাশ হচ্ছে, সর্বশেষ যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৯ অক্টোবর কি এইচএসসির ফল প্রকাশ হচ্ছে, সর্বশেষ যা জানা গেল
ছবি: সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর প্রকাশের কথা থাকলেও এ বিষয়ে চূড়ান্ত বিজ্ঞপ্তি এখনো দেওয়া হয়নি। সোমবার (২৬ অক্টোবর) ফল প্রকাশের বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়ার কথা ছিল। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফল প্রকাশের বিষয়টি এখনো অবহিত করতে না পারায় বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত থেকে সরে এসেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

সোমবার (২৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে আলোচনা হয়। সভায় অংশ নেওয়া কর্মকর্তাদের বরাতে জানা গেছে, প্রধানমন্ত্রীকে অবহিত করার পর তার অনুমোদন সাপেক্ষে ফল প্রকাশের বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে।

তবে নির্ধারিত দিনে ফল প্রকাশ হবে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় দেশের নয়টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত কর্মকর্তাদের বরাতে জানা গেছে, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের বিষয়টি তখনো প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানানো হয়নি। প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় এ বিষয়ে আলোচনা করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যাশা, সোমবার রাতে অথবা মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কাছে ফল প্রকাশের বিষয়টি তুলে ধরা হবে। এরপর মৌখিক অনুমতি পাওয়া গেলে মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফল প্রকাশের বিস্তারিত তথ্য জানানো হতে পারে।

সভায় উপস্থিত সরকারের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রধানমন্ত্রীকে দ্রুত বিষয়টি অবহিত করা হবে। অনুমতি পাওয়া গেলে ফল প্রকাশের বিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে দেওয়া হবে। তবে অনুমোদন না পাওয়া গেলে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করা হবে।

এর আগে গত শনিবার (২৪ অক্টোবর) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্তের কথা জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছিল, ফল প্রকাশের বিষয়ে বিস্তারিত তথ্য সোমবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

পরে অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, এইচএসসির ফল ২৯ অক্টোবর প্রকাশ করা হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

তবে সোমবারের সভার পর ফল প্রকাশের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। সূচি অনুযায়ী, লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা ছিল। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি।

পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।

এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।

/এবি/